যুক্তরাজ্যে বায়োব্যাংক ডেটা ফাঁস নিয়ে বিতর্ক

38

যুক্তরাজ্যের বৃহৎ স্বাস্থ্য গবেষণা উদ্যোগ UK Biobank আবারও আলোচনায় এসেছে ব্যক্তিগত তথ্য সুরক্ষা নিয়ে উদ্বেগের কারণে। ২০০৩ সালে শুরু হওয়া এই প্রকল্পে প্রায় ৫ লাখ স্বেচ্ছাসেবীর জেনেটিক তথ্য, স্বাস্থ্য রেকর্ড ও জীবনযাপনের তথ্য সংগ্রহ করা হয়, যা বিভিন্ন রোগের কারণ ও চিকিৎসা গবেষণায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

এই ডেটার ভিত্তিতে হাজারো গবেষণা প্রকাশিত হয়েছে এবং ডিমেনশিয়া, ডায়াবেটিস ও কোভিড-১৯-এর মতো রোগ নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। তবে সম্প্রতি অভিযোগ উঠেছে, অংশগ্রহণকারীদের কিছু ডেটা চীনা ই-কমার্স প্ল্যাটফর্ম Alibaba-তে বিক্রির জন্য তালিকাভুক্ত করা হয়েছিল, যদিও পরে তা সরিয়ে ফেলা হয়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, ডেটা “ডি-আইডেন্টিফাইড” হলেও সঠিকভাবে সুরক্ষা না থাকলে ব্যক্তিগত তথ্য ফাঁসের ঝুঁকি থেকেই যায়। এ ঘটনায় নতুন নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে UK Biobank, তবে গবেষণায় অংশগ্রহণকারীদের আস্থা বজায় রাখতে আরও কঠোর নজরদারির দাবি উঠেছে।