ইলন মাস্কের মালিকানাধীন টেসলা গ্রেট ব্রিটেনে বিদ্যুৎ সরবরাহের অনুমোদন পেয়েছে। এর ফলে প্রতিষ্ঠানটি যুক্তরাষ্ট্রের টেক্সাসে যে পদ্ধতিতে বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান ও বৈদ্যুতিক গাড়িতে বিদ্যুৎ সরবরাহ করে, সেই মডেলই ব্রিটেনেও চালু করতে পারবে।
ব্রিটেনের জ্বালানি নিয়ন্ত্রক সংস্থা অফজেম আনুষ্ঠানিকভাবে টেসলাকে বিদ্যুৎ সরবরাহের লাইসেন্স দিয়েছে। এর ফলে কোম্পানিটি ইংল্যান্ড, স্কটল্যান্ড ও ওয়েলসে বাসাবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে বিদ্যুৎ সরবরাহ করতে পারবে।
টেক্সাসে “TeslaElectric” নামে তাদের একটি পরিষেবা রয়েছে, যেখানে কম খরচে টেকসই বিদ্যুতের মাধ্যমে গ্রাহকদের বাড়ি, বৈদ্যুতিক গাড়ি ও কমিউনিটিকে শক্তি সরবরাহের সুবিধা দেওয়া হয়। একই ধরনের ব্যবস্থা ব্রিটেনেও চালু করার পরিকল্পনা রয়েছে।
তবে এই লাইসেন্সের মাধ্যমে টেসলা গ্যাস ও বিদ্যুৎ একসঙ্গে দেওয়ার (ডুয়াল ফুয়েল) চুক্তি করতে পারবে না। গ্রাহকদের গ্যাসের জন্য আলাদা সরবরাহকারীর সঙ্গে চুক্তি থাকতে হবে।
টেক্সাসে টেসলা ইতিমধ্যে একটি “ভার্চুয়াল পাওয়ার প্ল্যান্ট” পরিচালনা করছে। এতে টেসলার গ্রাহকেরা তাদের গাড়ি কম খরচে চার্জ করতে পারেন এবং বাড়ির পাওয়ার ওয়াল ব্যাটারিতে জমা বিদ্যুৎ গ্রিডে বিক্রি করে অর্থও পান। ব্রিটেনে এই সুবিধাটি বর্তমানে অক্টোপাস এনার্জির মাধ্যমে দেওয়া হয়।
ব্রিটেনে কতটি পাওয়ার ওয়াল বিক্রি হয়েছে তা টেসলা জানায়নি, তবে কোম্পানিটি সেখানে ২ লাখ ৫০ হাজারের বেশি বৈদ্যুতিক গাড়ি বিক্রি করেছে।
গত এক বছরে যুক্তরাজ্য ও ইউরোপে টেসলার গাড়ি বিক্রি কমেছে। বৈদ্যুতিক গাড়ির বাজারে প্রতিযোগিতা বেড়ে যাওয়া এবং মাস্কের রাজনৈতিক বিতর্ক এর অন্যতম কারণ। সর্বশেষ তথ্য অনুযায়ী ফেব্রুয়ারিতে যুক্তরাজ্যে টেসলার বিক্রি গত বছরের একই সময়ের তুলনায় ৩৭% কমেছে।
বর্তমানে যুক্তরাজ্যের গাড়ির বাজারে টেসলার অংশীদারিত্ব প্রায় ১.৩৪%। সেখানে চীনের BYD–এর অংশ ২.৬৪% এবং BMW–এর অংশ ৫.৪৩%।
এছাড়া ডোনাল্ড ট্রাম্পকে সমর্থন এবং তার প্রশাসনের সঙ্গে কাজ করার কারণে অনেক ক্রেতার মধ্যে বিরূপ প্রতিক্রিয়াও তৈরি হয়েছে। মাস্ক পরে ট্রাম্প প্রশাসনের সঙ্গে মতবিরোধের কারণে দায়িত্ব ছেড়ে দেন।
বিক্রি বাড়াতে গত ডিসেম্বরে টেসলা ইউরোপে তাদের টেসলা মডেল ৩ গাড়ির কমদামের একটি সংস্করণ বাজারে আনে। মাস্কের মতে, এই সাশ্রয়ী মডেলটি আরও বেশি ক্রেতাকে আকৃষ্ট করবে এবং বিক্রি বাড়াতে সাহায্য করবে।















