আপন অঙ্গনে ফিরলেন অধ্যাপক ইউনূস

78

প্রধান উপদেষ্টার দায়িত্ব ছাড়া পর অধ্যাপক মুহাম্মদ ইউনূস আজ রোববার সকালে ঢাকার মিরপুরের টেলিকম ভবনে ইউনূস সেন্টারে যানছবি: ইউনূস সেন্টারের সৌজন্যে

দেড় বছর আগে দেশের এক বিশেষ মুহূর্তে অন্তর্বর্তীকালের জন্য সরকারপ্রধানের দায়িত্ব নিয়েছিলেন অধ্যাপক মুহাম্মদ ইউনূস, নির্বাচনে নতুন সরকার গঠনের মধ্য দিয়ে তাঁর সেই কর্তব্য পালন শেষ হয়েছে। এখন নিজের পুরোনো অঙ্গনে ফিরে গেলেন তিনি।

সরকারপ্রধানের দায়িত্ব হস্তান্তরের চার দিন পর আজ রোববার ঢাকার মিরপুরে গ্রামীণ টেলিকম ভবনে ইউনূস সেন্টারের কাজে ফেরেন অধ্যাপক মুহাম্মদ ইউনূস। এ সময় তাঁকে ফুল দিয়ে বরণ করে নেন পুরোনো সহকর্মীরা।

নোবেলবিজয়ী অধ্যাপক ইউনূসের সামাজিক ব্যবসার দর্শন প্রচার ও প্রসারে আন্তর্জাতিক থিঙ্কট্যাংক ও রিসোর্স সেন্টার হিসেবে কাজ করছে ইউনূস সেন্টার।

ইউনূস সেন্টারের ফেসবুক পেজে অধ্যাপক ইউনূসের সেখানে পৌঁছানো ও ঊষ্ণ অভ্যর্থনা জানানোর খবর দেওয়া হয়। বেশ কয়েকটি ছবিও দেওয়া হয় সেই পোস্টে। এই পোস্ট অধ্যাপক ইউনূসের ভেরিফায়েড ফেসবুক পেজেও শেয়ার করা হয়েছে।

আরও পড়ুন

জেলে না গিয়ে বঙ্গভবনে শপথ নিলাম: ড. ইউনূস

ফেসবুক পোস্টে বলা হয়, ১৮ মাস বাংলাদেশের অন্তর্বর্তী সরকারে নেতৃত্ব দিয়ে অধ্যাপক মুহাম্মদ ইউনূস আগের জায়গায় ফিরেছেন। তিনি আজ সকালে মিরপুরের টেলিকম ভবনে ইউনূস সেন্টারে পৌঁছালে তাঁর দীর্ঘদিনের সহকর্মীরা তাঁকে আন্তরিকভাবে স্বাগত জানান। পরে তিনি গ্রামীণ ব্যাংকের সহযোগী সংগঠনগুলোর প্রতিনিধি এবং ইউনূস সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক ও উপদেষ্টাদের সঙ্গে বৈঠক করেন।

গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ব্যবস্থাপনা পরিচালক অধ্যাপক ইউনূস ২০০৬ সালে শান্তিতে নোবেল পদকে ভূষিত হন। দারিদ্র্য বিমোচনের মাধ্যমে বিশ্বে শান্তি প্রতিষ্ঠায় অবদানের স্বীকৃতি হিসেবে তাঁকে এই পদক দেওয়া হয়। তাঁর সঙ্গে যৌথভাবে পদকটি পায় গ্রামীণ ব্যাংক।

অধ্যাপক মুহাম্মদ ইউনূস আজ রোববার সকালে ঢাকার মিরপুরের টেলিকম ভবনে ইউনূস সেন্টারে গেলে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়
অধ্যাপক মুহাম্মদ ইউনূস আজ রোববার সকালে ঢাকার মিরপুরের টেলিকম ভবনে ইউনূস সেন্টারে গেলে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়ছবি: ইউনূস সেন্টারের সৌজন্যে

বাংলাদেশে জুলাই অভ্যুত্থানে আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর অধ্যাপক ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। ফ্রান্স থেকে এসে ২০২৪ সালের ৮ আগস্ট প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেন তিনি। সে সময় তিনি বলেছিলেন, তাঁর ইচ্ছা না থাকলেও অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণদের চাপে তাঁকে এই দায়িত্ব নিতে হয়েছে।

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণ করছেন 
ড. মুহাম্মদ ইউনূস। ৮ আগস্ট, ২০২৪
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণ করছেন ড. মুহাম্মদ ইউনূস। ৮ আগস্ট, ২০২৪ফাইল ছবি

এরপর ওই বছরের ২৪ আগস্ট জাতির উদ্দেশে ভাষণে অধ্যাপক ইউনূস বলেছিলেন, ‘আমরা কেউ দেশ শাসনের মানুষ নই। আমাদের নিজ নিজ পেশায় আমরা আনন্দ পাই। দেশের সংকটকালে ছাত্রদের আহ্বানে আমরা এ দায়িত্ব গ্রহণ করেছি।’

অধ্যাপক মুহাম্মদ ইউনূস আজ রোববার সকালে ঢাকার মিরপুরের টেলিকম ভবনে ইউনূস সেন্টারের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন
অধ্যাপক মুহাম্মদ ইউনূস আজ রোববার সকালে ঢাকার মিরপুরের টেলিকম ভবনে ইউনূস সেন্টারের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেনছবি: ইউনূস সেন্টারের সৌজন্যে

দায়িত্ব নিয়ে রাষ্ট্রব্যবস্থায় সংস্কারকে অগ্রাধিকার দিয়ে কাজ শুরু করেন অধ্যাপক ইউনূস। সেই সঙ্গে নির্বাচনের প্রস্তুতিও নিতে থাকে অন্তর্বর্তী সরকার। ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বচনে দুই–তৃতীয়াংশের বেশি আসনে বিজয়ী হয়ে ১৭ ফেব্রুয়ারি বিএনপি সরকার গঠন করে। এর মধ্য দিয়ে অন্তর্বর্তী সরকারের দায়িত্বের অবসান ঘটে।

প্রধান উপদেষ্টা হিসেবে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উঠেছিলেন অধ্যাপক ইউনূস। এখনো সেখানেই রয়েছেন। ফেসবুক পোস্টে জানানো হয়, চলতি মাসের শেষ দিকে যমুনা ছেড়ে ঢাকার গুলশানে নিজের বাসভবনে ফিরবেন অধ্যাপক ইউনূস।