সাইফ হাসান: লন্ডনে আশঙ্কাজনক হারে বেড়ে যাওয়া মোবাইল ছিনতাই রোধে এবার ড্রোন, ই-বাইক এবং লাইভ ফেসিয়াল রিকগনিশন প্রযুক্তির সমন্বয়ে এক বিশেষ অভিযান শুরু করেছে মেট্রোপলিটন পুলিশ। প্রতি সাত থেকে আট মিনিটে একটি করে ফোন চুরির ঘটনায় অতিষ্ঠ সাধারণ মানুষকে স্বস্তি দিতে এই অত্যাধুনিক সরঞ্জামগুলো ব্যবহার করা হচ্ছে। পুলিশের দাবি গত এক বছরে এই প্রযুক্তির ব্যবহারের ফলে মোবাইল চুরির হার প্রায় ১২ শতাংশ কমেছে। আকাশ থেকে ড্রোন দিয়ে চোরদের গতিবিধি পর্যবেক্ষণ করে নিচ থেকে দ্রুতগামী ই-বাইকের মাধ্যমে তাদের ধাওয়া করছে পুলিশ।
মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার ম্যাট টুইস্ট জানিয়েছেন যে ড্রোনগুলো তাদের জন্য ‘আকাশের চোখ’ হিসেবে কাজ করছে যা সরাসরি কন্ট্রোল রুমে ভিডিও ফিড পাঠায়। এর ফলে অপরাধীরা টের পাওয়ার আগেই পুলিশ তাদের ঘিরে ফেলতে সক্ষম হচ্ছে। বিশেষ করে ছিনতাইকারীরা পালানোর জন্য এখন মপেডের বদলে ছোট গলিতে চলাচলে সুবিধাজনক ইলেকট্রিক বাইক ব্যবহার করছে যা ধরতে পুলিশও এখন ‘সার-রন’ ব্র্যান্ডের শক্তিশালী ই-বাইক ব্যবহার শুরু করেছে।
লন্ডন পুলিশের পরিসংখ্যান অনুযায়ী ২০১৭ সাল থেকে ২০২৪ সালের ফেব্রুয়ারি পর্যন্ত প্রায় ৫ লাখ ৮৭ হাজার মোবাইল চুরি হয়েছে যার মধ্যে মাত্র ১৪ হাজার ফোন উদ্ধার করা সম্ভব হয়েছে। চুরির এই বিশাল সংখ্যার পেছনে আন্তর্জাতিক অপরাধী চক্র জড়িত বলে মনে করা হচ্ছে। পুলিশ জানিয়েছে তারা শুধু ছোট চোরদের ধরছে না বরং যারা এই ফোনগুলো বিদেশে পাচার করছে সেই মূল হোতাদেরও চিহ্নিত করার চেষ্টা করছে। সম্প্রতি একটি অভিযানে ৩২ জনকে গ্রেফতার এবং ১০০০টিরও বেশি ফোন উদ্ধার করা হয়েছে।
লন্ডনের মেয়র সাদিক খান এই অপরাধ দমনে আরও ৪.৫ মিলিয়ন পাউন্ড বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি মোবাইল নির্মাতা কোম্পানিগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন যাতে ফোনে এমন ‘কিল সুইচ’ প্রযুক্তি থাকে যা চুরি হওয়া ফোনকে পুরোপুরি অকেজো করে দেবে। চোরদের ধরতে পুলিশ এখন ওয়েস্ট এন্ড এলাকায় একটি বিশেষ কমান্ড সেল তৈরি করছে যা রিয়েল-টাইমে ছিনতাইয়ের খবরের ভিত্তিতে দ্রুত ব্যবস্থা নেবে।
তবে পুলিশের এই অভিযানে কিছু চ্যালেঞ্জও রয়েছে। ব্যস্ত রাস্তায় ছিনতাইকারীকে ধাওয়া করা সাধারণ মানুষের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে পড়লে অনেক সময় পুলিশ ধাওয়া বন্ধ করতে বাধ্য হয়। এছাড়া পুলিশের জনবল সংকটও এই কাজে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। তা সত্ত্বেও মেট্রোপলিটন পুলিশ মনে করছে প্রযুক্তির সঠিক ব্যবহার এবং ফোন কোম্পানিগুলোর সহযোগিতা পেলে লন্ডনের রাস্তা থেকে মোবাইল ছিনতাই নির্মূল করা সম্ভব হবে।
#লন্ডননিউজ #মোবাইলছিনতাই #প্রযুক্তি #aknews #onebanglanews















