যুক্তরাজ্যে রাত ৯টার আগে টিভির পর্দায় জাঙ্ক ফুড বিজ্ঞাপন নিষিদ্ধ

101

সাইফ হাসান: শিশুদের স্থূলতা বা অতিরিক্ত ওজন কমানোর লড়াইয়ে বড় এক পদক্ষেপ নিয়েছে ব্রিটিশ সরকার। আজ সোমবার থেকে যুক্তরাজ্যে রাত ৯টার আগে টিভিতে চর্বি, চিনি এবং লবণযুক্ত অস্বাস্থ্যকর খাবারের বিজ্ঞাপন প্রচারের ওপর কঠোর নি*ষেধাজ্ঞা কার্যকর হয়েছে। এছাড়া অনলাইন প্ল্যাটফর্মে এ ধরনের খাবারের বিজ্ঞাপনের ওপর দেওয়া হয়েছে পূর্ণাঙ্গ নি*ষেধাজ্ঞা। মূলত শিশুদের সুস্বাস্থ্যের কথা মাথায় রেখেই বিজ্ঞাপনের এই নতুন নীতিমালা তৈরি করা হয়েছে যা এখন থেকে কঠোরভাবে পর্যবেক্ষণ করবে অ্যাডভার্টাইজিং স্ট্যান্ডার্ডস অথরিটি।

যুক্তরাজ্যে আজ থেকে টিভির পর্দায় রাত ৯টার আগে এবং ইন্টারনেটে যেকোনো সময়ে জাঙ্ক ফুড বা অস্বাস্থ্যকর খাবারের বিজ্ঞাপন প্রচার পুরোপুরি ব*ন্ধ করে দেওয়া হয়েছে। চর্বি, চিনি এবং লবণের পরিমাণ বেশি এমন ১৩টি ক্যাটাগরির খাবারের ওপর এই নি*ষেধাজ্ঞা কার্যকর থাকবে। ফুড ফাউন্ডেশন ক্যাম্পেইন গ্রুপের নির্বাহী পরিচালক অ্যানা টেইলর এই সিদ্ধান্তকে শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় একটি বড় মাইলফলক হিসেবে বর্ণনা করেছেন।

নতুন এই নিয়মের কারণে এখন থেকে বিজ্ঞাপনদাতারা চকোলেট, কোমল পানীয় বা পিৎজার মতো খাবারের বদলে ফলমূল এবং শাকসবজির বিজ্ঞাপনে বেশি জোর দিচ্ছেন। এমনকি স্যান্ডউইচ বা সকালের নাস্তার কিছু খাবারের বিজ্ঞাপনের ওপরও কড়াকড়ি আরোপ করা হয়েছে। গত অক্টোবর থেকেই দেশটির বিজ্ঞাপন শিল্প স্বেচ্ছায় এই নিয়ম মেনে চলার অভ্যাস শুরু করেছিল যাতে করে আইনি জটিলতা এড়ানো যায়।

তবে এই নিয়মে কিছু ফাঁকফোকরও রয়ে গেছে যা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন স্বাস্থ্যকর্মীরা। ক্যাডবেরি বা ম্যাকডোনাল্ডসের মতো কোম্পানিগুলো সরাসরি পণ্যের ছবি না দেখিয়ে তাদের ব্র্যান্ডের বিজ্ঞাপন প্রচারের সুযোগ পাচ্ছে। এছাড়া স্কুল বা বিনোদন কেন্দ্রের ১০০ মিটারের বাইরে বিলবোর্ড বা পোস্টারের মাধ্যমে বিজ্ঞাপন দেওয়ার ক্ষেত্রে কোনো বাধা না থাকায় অনেক বড় কোম্পানি সেখানে তাদের খরচ বাড়িয়ে দিয়েছে।

২০২০ সালে প্রথম এই আইন করার পরিকল্পনা নেওয়া হলেও নানা জটিলতায় তা কার্যকর হতে বেশ সময় লেগেছে। সরকারের লক্ষ্য হলো শিশুদের মধ্যে অস্বাস্থ্যকর খাবার খাওয়ার প্রবণতা কমিয়ে আনা এবং একটি সুস্থ প্রজন্ম গড়ে তোলা। তবে বিশেষজ্ঞরা মনে করছেন শুধু টিভি বা অনলাইন নয় বরং সব ধরনের মাধ্যমে জাঙ্ক ফুড বিজ্ঞাপন পুরোপুরি ব*ন্ধ না করা পর্যন্ত এর শতভাগ সুফল পাওয়া সম্ভব হবে না।

#যুক্তরাজ্য #স্বাস্থ্য #জাঙ্কফুড #aknews #onebanglanews