যুক্তরাজ্যের চাকরির বাজারে বড় ধস তরুণরা সবচেয়ে বেশি বিপদে

62

সাইফ হাসান: যুক্তরাজ্যের চাকরির বাজারে বড় ধরনের মন্দা দেখা দিয়েছে যার মূল শিকার হচ্ছে দেশের তরুণ প্রজন্ম। একটি গবেষণা প্রতিষ্ঠান জানিয়েছে নতুন কর্মী নিয়োগ কমে যাওয়ায় বেকার সমস্যা ক্রমেই বাড়ছে। ধারণা করা হচ্ছে চলতি সপ্তাহে প্রকাশিত তথ্যে বেকারত্বের হার বেড়ে ৫.১ শতাংশে দাঁড়াবে। অসুস্থতার অজুহাত নয় বরং চাকরির সুযোগ কমে যাওয়াই এখন তরুণদের বেকার থাকার প্রধান কারণ।

রেজোলিউশন ফাউন্ডেশন নামের গবেষণা প্রতিষ্ঠানটি জানিয়েছে, দেশটিতে গ্র্যাজুয়েট এবং নন-গ্র্যাজুয়েট উভয়ের জন্যই চাকরির বাজার কঠিন হয়ে পড়েছে। সিটি অর্থনীতিবিদরা ধারণা করছেন, মঙ্গলবার প্রকাশিত সরকারি তথ্যে দেখা যাবে বেকারত্বের হার ৫ শতাংশ থেকে বেড়ে ৫.১ শতাংশ হয়েছে। আগামী বছরে এই হার বেড়ে ৫.৫ শতাংশ পর্যন্ত হতে পারে বলে সতর্ক করা হয়েছে।

প্রতিষ্ঠানের প্রধান অর্থনীতিবিদ নাই কমিনেটি বলেছেন, বর্তমানে তরুণরাই এই পরিস্থিতির ভুক্তভোগী। আগে ধারণা করা হতো অসুস্থতার কারণে মানুষ কাজ করছে না, কিন্তু আসল সমস্যা হলো বেকারত্ব। বর্তমানে ১৬ থেকে ২৪ বছর বয়সী প্রায় ১০ লাখ তরুণ পড়াশোনা বা কোনো কাজের সাথে যুক্ত নেই, যা সরকারের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

অর্থনীতিবিদরা আরও জানিয়েছেন, মুদ্রাস্ফীতি কিছুটা কমে ৩.৫ শতাংশে নামতে পারে। এর ফলে ব্যাংক অব ইংল্যান্ড সুদের হার ৪ শতাংশ থেকে কমিয়ে ৩.৭৫ শতাংশ করার সিদ্ধান্ত নিতে পারে। ব্যাংকের গভর্নর অ্যান্ড্রু বেইলি অর্থনীতির ধীরগতি এবং বাড়তে থাকা বেকারত্ব নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।

ক্যাপিটাল ইকোনমিক্সের রুথ গ্রেগরি জানিয়েছেন, গত সাত মাসের মধ্যে মাত্র এক মাস অর্থনীতিতে সামান্য প্রবৃদ্ধি দেখা গেছে। পিডব্লিউসির প্রতিবেদনেও দেখা গেছে, তরুণদের কর্মসংস্থানের দিক দিয়ে যুক্তরাজ্য আন্তর্জাতিক র‍্যাঙ্কিংয়ে আরও নিচে নেমে গেছে। পরিস্থিতি সামাল দিতে নীতিনির্ধারকদের দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

#যুক্তরাজ্য #বেকারত্ব #অর্থনীতি #তরুণপ্রজন্ম #লন্ডন