রণবীরের ধুরন্ধর নিয়ে তোলপাড় বক্স অফিসে ঝড় সমালোচকদের হুমকি

55

সাইফ হাসান: বলিউড অভিনেতা রণবীর সিংয়ের নতুন সিনেমা ‘ধুরন্ধর’ মুক্তির পরেই বক্স অফিসে রীতিমতো ঝড় তুলেছে। মাত্র সাত দিনেই সিনেমাটি দুইশো কোটি রুপির বেশি আয় করে নিলেও একে ঘিরে বিতর্ক থামছে না। সিনেমার গল্পে স*ন্ত্রাসী কর্মকাণ্ড এবং পাকিস্তানের প্রেক্ষাপট দেখানোয় তুমুল সমালোচনা শুরু হয়েছে। এমনকি সিনেমাটি নিয়ে নেতিবাচক মন্তব্য করায় সমালোচকদের ব্যক্তিগত আক্রমণের শিকার হতে হচ্ছে।

আদিত্য ধর পরিচালিত এই অ্যাকশন ঘরানার সিনেমাটি মুক্তির মাত্র এক সপ্তাহের মধ্যেই বিশাল সাফল্য পেয়েছে। স্যাকনিকের রিপোর্ট অনুযায়ী, মাত্র সাত দিনেই এটি ভারতে ২০৭ কোটি রুপি আয় করেছে। রণবীর সিং ছাড়াও এই সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন অক্ষয় খান্না, সঞ্জয় দত্ত এবং আর মাধবনের মতো তারকারা।

সিনেমার গল্পে কান্দাহার বিমান ছিনতাই এবং মুম্বাই হা*মলার মতো ঘটনাগুলোকে তুলে ধরা হয়েছে। অনেকে দাবি করছেন রণবীরের চরিত্রটি ভারতীয় সেনা কর্মকর্তা মোহিত শর্মার আদলে তৈরি, যদিও পরিচালক তা অস্বীকার করেছেন। অন্যদিকে পাকিস্তানি দর্শকরা অভিযোগ করছেন যে তাদের দেশের চরিত্রগুলোকে সিনেমায় অতিরঞ্জিত করে দেখানো হয়েছে।

সিনেমাটি নিয়ে নেতিবাচক রিভিউ দেওয়ায় প্রখ্যাত সমালোচক অনুপমা চোপড়াকে অনলাইনে হেনস্তা করা হয়েছে, যার জেরে তিনি ভিডিও সরিয়ে নিতে বাধ্য হন। এছাড়া অভিনেতা হৃতিক রোশন সিনেমাটির প্রশংসা করলেও এর রাজনীতির সঙ্গে দ্বিমত পোষণ করায় তাকেও ট্রলের মুখে পড়তে হয়েছে। সব মিলিয়ে আয়ের রেকর্ড গড়লেও সিনেমাটি এখন বিতর্কের কেন্দ্রবিন্দুতে।

#ধুরন্ধর #বলিউড #রণবীরসিং #বক্সঅফিস #বিনোদন