চীনে গবেষণা বন্ধে চাপ, তদন্তে যুক্তরাজ্যের কাউন্টার-টেরোরিজম পুলিশ

174

সাইফ হাসান: যুক্তরাজ্যের শেফিল্ড হ্যালাম ইউনিভার্সিটির ওপর চীনের চাপ সৃষ্টির অভিযোগ উঠেছে। জিনজিয়াংয়ের মানবাধিকার লঙ্ঘন নিয়ে গবেষণা বন্ধ করতে বলা হয়। এই হয়রানির ঘটনাটি এখন কাউন্টার-টেরোরিজম পুলিশের কাছে পাঠানো হয়েছে। তারা দেখবে এটি জাতীয় নিরাপত্তার লঙ্ঘন কিনা। অধ্যাপক লরা মারফির গবেষণাকে কেন্দ্র করেই এই ঘটনা ঘটেছে।

বিবিসি এবং গার্ডিয়ানের রিপোর্ট অনুযায়ী, অধ্যাপক লরা মারফির জিনজিয়াং অঞ্চলে বাধ্যতামূলক শ্রম নিয়ে গবেষণাকে টার্গেট করা হয়েছিল। সাউথ ইয়র্কশায়ার পুলিশ জানিয়েছে, অভিযোগগুলো ন্যাশনাল সিকিউরিটি অ্যাক্টের ৩ ধারার অধীনে পড়ায় এটি কাউন্টার-টেরোরিজম পুলিশের কাছে রেফার করা হয়েছে। এই ধারাটি মূলত “বিদেশী গোয়েন্দা সংস্থাকে সহায়তা” করার সাথে সম্পর্কিত।

অধ্যাপক মারফির কাছে প্রকাশিত বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ নথি থেকে জানা যায়, চীনে বিশ্ববিদ্যালয়ের কর্মীদের হুমকি দেওয়া হয়েছিল। হুমকিদাতারা নিজেদের চীনের জাতীয় নিরাপত্তা পরিষেবার লোক বলে পরিচয় দেয় এবং শেফিল্ডে চলমান এই গবেষণা বন্ধ করার দাবি জানায়। নথিতে আরও বলা হয়, বিশ্ববিদ্যালয় যখন গবেষণার একটি চূড়ান্ত ধাপ প্রকাশ না করার সিদ্ধান্ত চীনের জাতীয় নিরাপত্তা সার্ভিসকে জানায়, তখন সম্পর্ক তাৎক্ষণিকভাবে উন্নত হয় এবং কর্মীদের ওপর হুমকিও বন্ধ হয়ে যায়।

এই ঘটনার পর, চলতি বছরের শুরুতে অধ্যাপক মারফিকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায় যে তিনি চীনের বিষয়ে তার কাজ চালিয়ে যেতে পারবেন না। এর বিরুদ্ধে অধ্যাপক মারফি তার অ্যাকাডেমিক স্বাধীনতার লঙ্ঘনের অভিযোগে আইনি পদক্ষেপ নেওয়া শুরু করলে বিশ্ববিদ্যালয় তাদের অবস্থান পরিবর্তন করে।

শেফিল্ড হ্যালাম ইউনিভার্সিটি অধ্যাপক মারফির কাছে ক্ষমা চেয়েছে। একজন মুখপাত্র বলেছেন, সেই সময়ে একটি জটিল পরিস্থিতির কারণে গবেষণা বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, যার মধ্যে একটি ছিল পেশাগত বীমা (ইনডেমনিটি ইনস্যুরেন্স) না পাওয়া। কারণ মারফির একটি রিপোর্টের কারণে একটি চীনা সংস্থা বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে মানহানির মামলা করেছিল। বিশ্ববিদ্যালয় স্পষ্ট করে বলেছে যে চীনে বাণিজ্যিক স্বার্থের কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়নি।

#যুক্তরাজ্য #চীন #মানবাধিকার #গবেষণা #শেফিল্ড