‘নোয়াখালী বিভাগ চাই’ দাবিতে প্রেসক্লাবের সামনে সমাবেশ বিক্ষোভ

493

ঢাকা সংবাদদাতা: বাংলাদেশের অন্যতম ঐতিহ্যবাহী জেলা নোয়াখালীকে দেশের নবম স্বতন্ত্র প্রশাসনিক বিভাগ ঘোষণার দাবি জানিয়েছে বৃহত্তর নোয়াখালীর বিভিন্ন সংগঠন সমূহ।

আজ শনিবার (১১ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবে সামনে আয়োজিত এক সমাবেশে এ দাবি জানানো হয়। সমাবেশে যৌথভাবে ঢাকাস্থ নোয়াখালীর বিভিন্ন অঙ্গসংগঠন উপস্থিত ছিল।

সমাবেশে সদলবলে অংশগ্রহণকারী নোয়াখালী জেলা সমিতির সদস্য ইঞ্জিনিয়ার আবুল বাশার বলেন, বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা নোয়াখালীবাসী সবসময় দেশের বিভিন্ন উন্নয়নে বিশাল অবদান রেখে আসছে। কিন্তু আমরা নোয়াখালী বাসিরা লক্ষ্য করছি যে আমাদের চেয়েও কম গুরুত্বপূর্ণ জেলাগুলোকে বিভাগে পরিণত করা হচ্ছে। আর আমরা বরাবরের মতোই অবহেলিত আছি। আবার জনমতের বাইরে গিয়ে কুমিল্লার সঙ্গে নোয়াখালীকে যুক্ত করে বিভাগ ঘোষণা করায় আমাদের সঙ্গে জুলুম করা হয়েছে। প্রশাসন যদি সত্যিকার অর্থে এই অঞ্চলের উন্নতি চায়, তাহলে দ্রুত নোয়াখালীকে স্বতন্ত্র বিভাগ ঘোষণার দাবি জানাচ্ছি। তাই আজকে আমাদের বিক্ষোভ ও মহাসমাবেশ নোয়াখালী বিভাগ চাই দাবিতে।

অংশগ্রহণকারী ব্যবসায়ী আলমগীর হোসেন  বলেন, আমরা দেশের জিডিপিতে ৩৭ শতাংশ অবদান রেখেছি। আমরা প্রয়োজনে ৫০ শতাংশ অবদান রাখব, কিন্তু নোয়াখালীকে স্বতন্ত্র বিভাগ করতেই হবে।

সমাবেশে অংশগ্রহণকারী বেলায়েত হোসেন বলেন, বাংলাদেশের একটি অন্যতম ঐতিহ্যবাহী জেলা নোয়াখালী। কিন্তু আমরা সবসময় বঞ্চনার শিকার হয়ে এসেছি। আওয়ামী লীগ সরকারের আমলে আমাদের বিভাগ ঘোষণা করা হয়নি। তাই অন্তর্বর্তীকালীন সরকার ও প্রধান উপদেষ্টার কাছে দাবি জানাচ্ছি, আমাদের দ্রুত স্বতন্ত্র বিভাগ ঘোষণা করা হোক।