ডি-ডে’তে নিহত ব্রিটিশ সেনাদের স্মরণে পোর্টসমাউথে ভাস্কর্য প্রদর্শনী

34

সাইফ হাসান: ইংল্যান্ডের পোর্টসমাউথের ফোর্ট নেলসনে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ডি-ডে অভিযানে প্রাণ হারানো ব্রিটিশ সেনাদের স্মরণে বিশেষ শিল্প প্রদর্শনী স্থাপন করা হচ্ছে। প্রায় দেড় হাজার কালো রঙের সৈনিকের সিলুয়েট (ছায়ামূর্তি) নিয়ে গঠিত এই স্থাপনাটি তৈরি করেছে অক্সফোর্ডশায়ারভিত্তিক দাতব্য সংস্থা ‘স্ট্যান্ডিং উইথ জায়ান্টস’। শতাধিক স্বেচ্ছাসেবক এখন দুই সপ্তাহব্যাপী এই স্থাপনাটি গড়ে তোলার কাজে ব্যস্ত।

শিল্পী ড্যান বার্টনের তৈরি এই ইনস্টলেশনটির নাম ‘ফর ইউর টুমরো’। এটি গত বছর ফ্রান্সের নরমান্ডিতে ব্রিটিশ নরমান্ডি মেমোরিয়ালে প্রদর্শিত হয়েছিল, যেখানে দুই লক্ষাধিক মানুষ এটি দেখতে যান। এবার প্রথমবারের মতো এটি ইংল্যান্ডের দক্ষিণ উপকূলে প্রদর্শিত হতে যাচ্ছে।

ফোর্ট নেলসনের জনসম্পৃক্ততা কর্মকর্তা লিজি পুডিক বলেন, “আমরা স্বেচ্ছাসেবীদের জন্য আহ্বান জানিয়েছিলাম, কিন্তু ২৪ ঘণ্টারও কম সময়ে এত আবেদন আসে যে আহ্বান বন্ধ করতে হয়।” তিনি জানান, প্রতিদিন প্রায় ৫০ জন স্বেচ্ছাসেবী এই কাজে অংশ নিচ্ছেন।

ড্যান বার্টন ও তার স্ত্রী জানেট বার্টন স্বেচ্ছাসেবীদের সঙ্গে মিলে এই স্থাপনাটি সাজাচ্ছেন। জানেট বলেন, “আমরা যখন ফ্রান্সে প্রদর্শনী গুটাচ্ছিলাম, তখন জানতাম না এই ভাস্কর্যগুলোর পরবর্তী গন্তব্য কোথায় হবে। স্মরণ দিবসে এগুলোকে গুদামে রেখে দেওয়া আমাদের জন্য কষ্টদায়ক হতো। ফোর্ট নেলসনে প্রদর্শনের সুযোগ পাওয়া সত্যিই অসাধারণ।”

এই প্রদর্শনীটি ২২ অক্টোবর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত ফোর্ট নেলসনে উন্মুক্ত থাকবে। উল্লেখ্য, গত বছর এখানেই ফকল্যান্ড যুদ্ধের নিহত ২৫৮ সেনাকে স্মরণে একটি ছোট আকারের স্থাপনাও প্রদর্শিত হয়েছিল।