ব্রোম্পটনে বাড়িতে ঢুকে ছুরিকাঘাত, হামলাকারীর ১৮ বছরের জেল

77

সাইফ হাসান: ইংল্যান্ডের ব্রোম্পটনে এক ব্যক্তিকে ছুরিকাঘাতের ঘটনায় ৪০ বছর বয়সী শন ডার্বিশায়ারকে ১৮ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। তিনি বাড়িতে জোরপূর্বক প্রবেশ করে ভুক্তভোগীর বুকে ছুরিকাঘাত করেন। ভুক্তভোগী অল্পের জন্য প্রাণে বেঁচে যান বলে জানিয়েছে পুলিশ। আদালতে হামলাকারী দোষ স্বীকার করেছেন। পুলিশ তাকে অত্যন্ত বিপজ্জনক ব্যক্তি হিসেবে বর্ণনা করেছে।

ঘটনাটি ঘটে ২০২৪ সালের ৩০ ডিসেম্বর সকাল আটটার দিকে। নর্থ ইয়র্কশায়ারের ব্রোম্পটনের ড্যানস ক্রেস্ট এলাকার একটি বাড়ির কাঁচের দরজা ভেঙে ডার্বিশায়ার প্রবেশ করে ভুক্তভোগীকে আক্রমণ করেন। তিনি তখন ভুক্তভোগীর কাছ থেকে টাকা আদায়ের চেষ্টা করছিলেন বলে আদালতে জানা যায়।

আদালতে শুনানি চলার চতুর্থ দিনে ডার্বিশায়ার ইচ্ছাকৃতভাবে আঘাত ও ডাকাতির চেষ্টা করার অভিযোগে দোষ স্বীকার করেন। টিসাইড ক্রাউন কোর্ট তাকে ১৮ বছরের সাজা দেয়।

নর্থ ইয়র্কশায়ার পুলিশের এক মুখপাত্র বলেন, আহত ব্যক্তি ভাগ্যবান যে জীবিত আছেন। হামলার সময় তার বুকে গভীর ছুরিকাঘাতসহ একাধিক আঘাত লেগেছিল।

ডিটেকটিভ কনস্টেবল হান্না কেলি জানান, ডার্বিশায়ার ছিলেন অত্যন্ত বিপজ্জনক এবং তার এই ‘নৃশংস ও অকারণ’ হামলা স্থানীয় মানুষকে আতঙ্কিত করেছে। বিশেষ করে এলাকায় বসবাসকারী পরিবার ও শিশুদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়। পুলিশ হামলার দিনই গ্রেট এইটনে তাকে গ্রেপ্তার করে।