অসুস্থ আশ্রয়প্রার্থীকে কারাগারে আটকে রাখায় আইনি বিপদে ইয়েভেট কুপার

193

সাইফ হাসান: মানসিকভাবে অসুস্থ এক নাইজেরিয়ান আশ্রয়প্রার্থীকে অবৈধভাবে কারাগারে আটকে রাখার অভিযোগে আইনি জটিলতায় পড়েছেন যুক্তরাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী ইয়েভেট কুপার।হাইকোর্ট নির্দেশ দিয়েছে, আগামী ৮ সেপ্টেম্বরের মধ্যে ২৫ বছর বয়সী ওই ব্যক্তিকে মুক্তি দিতে হবে, নইলে হোম অফিসকে ক্ষতিপূরণ দিতে হতে পারে।মানবাধিকার লঙ্ঘনের মামলায় বিচারপতি অ্যালান বেটস বলেছেন, আশ্রয় দাবি পুনর্বহাল ও তার সাইকোসিসের প্রমাণ থাকা সত্ত্বেও আটক রাখার যৌক্তিকতা নেই।আটক অব্যাহত থাকায় তার মানসিক স্বাস্থ্যের অবনতি হচ্ছে বলেও সতর্ক করেছেন তিনি।

ওই তরুণ ২০২৪ সালের অক্টোবরে স্কটল্যান্ডে এক দোকানদারকে বোতলের ভাঙা অংশ দিয়ে হুমকি দেওয়ার অপরাধে কারাদণ্ড পান এবং চলতি বছরের জানুয়ারিতে মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু মুক্তির আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয় তাকে আশ্রয় প্রত্যাহারের নামে জোরপূর্বক আটক করে। পরে আইনজীবীরা জানালে যে তিনি মানসিক অসুস্থতার কারণে কিছুই বুঝতে পারেননি, তার আশ্রয় আবেদন পুনর্বহাল করা হয়।

তবুও হোম অফিস দাবি করে, দ্রুত তাকে ফেরত পাঠানো সম্ভব হবে। কিন্তু বিচারক মনে করেন, বাস্তবে এ ধরনের সিদ্ধান্ত অযৌক্তিক ছিল এবং জামিনে মুক্তির পরও তাকে ১৫ সপ্তাহের বেশি সময় কারাগারে আটকে রাখা হয়েছে কেবল উপযুক্ত বাসস্থানের অভাবে।

অক্টোবরে এ বিষয়ে পূর্ণাঙ্গ বিচারিক পর্যালোচনা হবে, যেখানে হোম অফিসকে ক্ষতিপূরণের মুখোমুখি হতে হতে পারে। আদালত স্পষ্ট করে দিয়েছে—অসুস্থ অবস্থায় দীর্ঘদিন আটক রাখা তার মানবাধিকারের সঙ্গে সাংঘর্ষিক।