রাষ্ট্রপতির সাথে ব্রিটিশ প্রতিনিধিদলের বৈঠক, রাজনৈতিক সংস্কারে নতুন কী আসছে?

44

সাইফ হাসান: বাংলাদেশ সফরে এসে রাষ্ট্রপতি, বিরোধী দল ও নাগরিক সমাজের প্রতিনিধিদের সাথে একাধিক উচ্চপর্যায়ের বৈঠক করেছে যুক্তরাজ্যের সংসদীয় প্রতিনিধিদল। অল-পার্টি পার্লামেন্টারি গ্রুপের সভাপতি আফসানা বেগম এমপির নেতৃত্বে আসা এই প্রতিনিধিদলটি রাজনৈতিক সংস্কার ও রোহিঙ্গা সংকটসহ নানা দ্বিপাক্ষিক বিষয়ে আলোচনা করেছে। কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের সহযোগিতায় এই সফর অনুষ্ঠিত হচ্ছে।

গত ৬ অক্টোবর ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুকের সাথে সাক্ষাতের মধ্য দিয়ে এই প্রতিনিধিদলের কার্যক্রম শুরু হয়। এরপর তারা জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এমপি, মন্ত্রী হুমায়ুন কবির, মন্ত্রী আরিফুল হক চৌধুরী এমপি এবং উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীরের সাথে গুরুত্বপূর্ণ বৈঠক করেন। এছাড়া ৭ অক্টোবর কক্সবাজারে ইউএনএইচসিআর পরিচালিত রোহিঙ্গা ক্যাম্প এবং শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের কার্যালয় পরিদর্শন করে প্রতিনিধিদলটি।

৮ অক্টোবর বঙ্গভবনে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে সাক্ষাৎ করে ব্রিটিশ প্রতিনিধিদল। বৈঠকে সংসদে নারীদের প্রতিনিধিত্ব, জুলাই সনদ, সংবিধানের পরিবর্তন, রাজনৈতিক দলের সংস্কার, সংসদ সদস্যদের প্রশিক্ষণ এবং অতীতের মানবাধিকার লঙ্ঘনের সত্য উদঘাটন ও সমঝোতা প্রক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা হয়। একই দিনে তারা সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতিন রায় চৌধুরী এমপি ও নিপুন রায় চৌধুরী এমপির সাথেও বৈঠক করেন।

সফরের অংশ হিসেবে প্রতিনিধিদলটি ব্র্যাক, ব্র্যাক ইনস্টিটিউট অব গভর্ন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্ট এবং দৃক পিকচার লাইব্রেরি পরিদর্শন করে। সেখানে নাগরিক সমাজের শীর্ষস্থানীয় প্রতিনিধিদের সাথে নারী, সংখ্যালঘু ও আদিবাসীদের অধিকার নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশন ইউকের সহযোগিতায় পরিচালিত এই প্রতিনিধিদলের সফর আগামী দিনগুলোতেও অব্যাহত থাকবে।

#বাংলাদেশসংবাদ #যুক্তরাজ্য #কূটনীতি #aknews #onebanglanews