সাইফ হাসান: যুক্তরাজ্যের হাউস অফ কমন্সের স্পিকার লিন্ডসে হয়েল গত চার বছরে বিশ্বের বিভিন্ন দেশের কূটনীতিকদের কাছ থেকে প্রায় ৩০০ উপহার গ্রহণ করেছেন। এর মধ্যে রয়েছে বিলাসবহুল পানীয়, হ্যাম্পার, কাফলিঙ্ক, ফাউন্টেন পেন এবং আরও অনেক কিছু। এই উপহারগুলোর তালিকা প্রকাশিত হওয়ায় এখন আলোচনার ঝড় উঠেছে। কী কী রয়েছে এই তালিকায়? চলুন জেনে নিই।
২০২১ সাল থেকে লিন্ডসে হয়েল বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও প্রতিনিধিদের কাছ থেকে উপহা হিসেবে পেয়েছেন বিলাসবহুল পানীয় এবং অন্যান্য দামি জিনিস। তালিকায় রয়েছে ক্যাম্যান আইল্যান্ডসের সরকারি দপ্তর থেকে পাওয়া এক বোতল রাম (৩০ জানুয়ারি ২০২৫), ভারতের হাই কমিশনার ভিক্রম দোরাইস্বামীর দেওয়া এক বোতল হুইস্কি (২০ ডিসেম্বর ২০২৪), এবং কাতারের দূতাবাস থেকে পাওয়া একটি হ্যাম্পার, যেখানে ছিল কফি, চকোলেট, জ্যাম, মধু, চাটনি এবং একটি ম্যাগাজিন (১৮ ডিসেম্বর ২০২৪)।
এছাড়াও দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত ইয়ুন ইয়োচিওল তাকে দিয়েছেন ‘দ্য হু’ ব্র্যান্ডের স্কিনকেয়ার পণ্য (১৩ ডিসেম্বর ২০২৪)। আর্মেনিয়ার রাষ্ট্দূত ভারুজান নার্সেসিয়ান তাকে উপহার দিয়েছেন দুই বোতল আরারাত ব্র্যান্ডি এবং এক বোতল রেড ওয়াইন (৭ জুন ২০২৩)। বাংলাদেশের হাই কমিশনার সাইদা মুনা তাসনীম তাকে দিয়েছেন এক বোতল শ্যাম্পেন এবং বাংলাদেশের গির্জা নিয়ে একটি বই (২১ নভেম্বর ২০২৩)।
অন্যান্য উল্লেখযোগ্য উপহারের মধ্যে রয়েছে জর্ডানের রাজা আবদুল্লাহ দ্বিতীয়ের দেওয়া একটি ফাউন্টেন পেন (২৬ মে ২০২৪), মেক্সিকোর রাষ্ট্রদূত জোসেফা গনজালেজ-ব্লাঙ্কোর দেওয়া এক বোতল মেজকাল এবং একটি টাই (১৭ অক্টোবর ২০২৩), এবং আজারবাইজানের রাষ্ট্রদূত এলিন সুলেমানভের দেওয়া এক বতল কগনাক (১৪ ডিসেম্বর ২০২১)।
এই উপহারগুলোর মধ্যে কিছু বেশ অভিনব, যেমন পিটকেয়ার্ন আইল্যান্ডসের মেয়র সাইমন ইয়ংয়ের দেওয়া এইচএমএস বাউন্টির একটি মডেল (২০ নভেম্বর ২০২৪) এবং জর্ডানের হাউস অফ রিপ্রেজেন্টেটিভসের স্পিকার আহমেদ মোহাম্মদ আলি সাফাদির দেওয়া স্পিকারের একটি মোজাইক প্রতিকৃতি (৫ আগস্ট ২০২৪)।
এই তালিকা প্রকাশের পর অনেকেই প্রশ্ন তুলছেন, এত উপহার গ্রহণ করা কতটা নৈতিক? তবে হয়েলের পক্ষ থেকে বলা হয়েছে, এগুলো কূটনৈতিক সম্পর্কের অংশ হিসেবে গ্রহণ করা হয়েছে। তিনি বলেন, “এই উপহারগুলো বিভিন্ন দেশের সঙ্গে মাদের সম্পর্কের প্রতীক। এগুলো ব্যক্তিগত সুবিধার জন্য নয়।”
তবে সমালোচকরা বলছেন, এত বিপুল পরিমাণ উপহার গ্রহণ স্বচ্ছতা এবং জবাবদিহিতার প্রশ্ন তুলছে। আগামী দিনে এই বিষয়ে আরও আলোচনা হতে পারে।
এই প্রতিবেদনের সূত্র: The Guardian















