সাইফ হাসান: যুক্তরাজ্যের কেন্দ্রীয় ব্যাংক, ব্যাংক অব ইংল্যান্ড, বৃহস্পতিবার (৮ মে ২০২৫) সুদের হার ০.২৫ শতাংশ কমিয়ে ৪.২৫%-এ নামিয়েছে। এটি গত আগস্ট থেকে তাদের চতুর্থ হার কমানোর সিদ্ধান্ত। অর্থনৈতিক অনিশ্চয়তা এবং মার্কিন বাণিজ্য নীতির প্রভাব মোকাবিলায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ব্যাংকের মুদ্রানীতি কমিটি (এমপিসি) জানিয়েছে, আগামী তিন বছরে যুক্তরাজ্যের অর্থনৈতিক প্রবৃদ্ধি আরও ০.৩% কমতে পারে। এই ঘোষণা এসেছে মার্কিন প্রসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের বাণিজ্য চুক্তির আলোচনার মধ্যে।
ব্যাংকের গভর্নর অ্যান্ড্রু বেইলি বলেন, “মুদ্রাস্ফীতির চাপ কমেছে, তাই আমরা আজ আবার সুদের হার কমিয়েছি। বিশ্ব অর্থনীতি কতটা অপ্রত্যাশিত হতে পারে, তা গত কয়েক সপ্তাহে দেখা গেছে।” তিনি আরও বলেন, “এ কারণে আমাদের ধীরে ধীরে এবং সতর্কতার সঙ্গে হার কমাতে হবে। নিম্ন ও স্থিতিশীল মুদ্রাস্ফীতি নিশ্চিত করা আমাদের প্রধান লক্ষ্য।” এই সিদ্ধান্তে এমপিসির নয় সদস্যের মধ্যে দুজন ০.৫ শতাংশ হার কমানোর পক্ষে এবং দুজন বর্তমা ৪.৫% হার বজায় রাখার পক্ষে ভোট দিয়েছেন।
অর্থনৈতিক বিশ্লেষকরা জানান, এই হার কমানোর ফলে বন্ধকী ঋণ এবং সঞ্চয়ের উপর প্রভাব পড়বে। যুক্তরাজ্যের অর্থমন্ত্রী র্যাচেল রিভসের জন্য এটি একটি ধাক্কা, কারণ এমপিসি বলছে, মার্কিন বাণিজ্য নীতির অনিশ্চয়তা এবং দেশীয় অর্থনৈতিক চ্যালেঞ্জের কারণে চলতি বছরে প্রবৃদ্ধি প্রায় স্থবির হয়ে পড়বে। ব্যাংকের পূর্বাভাস অনুযায়ী, ২০২৭ সালের বসন্ত পর্যন্ত মুদ্রাস্ফীতি ২%-এর লক্ষ্যে ফিরবে না। এ বছর তৃতীয় প্রান্তিকে মুদ্রাস্ফীতি ৩.৫%-এ পৌঁছাবে বলে ধারণা করা হচ্ছে।
বাণিজ্য চুক্তি°বিষয়ে বেইলি বলেন, “এটি যুক্তরাজ্যের অর্থনীতির জন্য সুখবর।” চুক্তির মাধ্যমে গাড়ি রপ্তানিতে ২৭.৫% এবং ইস্পাত ও অ্যালুমিনিয়ামে ২৫% শুল্ক কমানো হয়েছে। তবে, রিভস স্পষ্ট করেছেন, বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দার প্রভাব থেকে যুক্তরাজ্য পুরোপুরি মুক্ত থাকবে না।
ট্রেডস ইউনিয়ন কংগ্রেসের (টিউসি) মহাসচিব পল নোয়াক বলেন, “সুদের হার কমলে পরিবারের সাপ্তাহিক বাজেটে স্বস্তি আসবে এবং ব্যবসায়ীরা বিনিয়োগে উৎসাহিত হবে।” তবে, ব্যাংকের তথ্য অনুযায়ী, ব্যবসায়িক বিনিয়োগে প্রত্যাশিত বৃদ্ধি না হওয়ায় যুক্তরাজ্যের উৎপাদনশীলত বাড়ানোর আশা ক্ষীণ হয়ে আসছে।
এই প্রতিবেদনের সূত্র: The Guardian















