সাইফ হাসান: ব্রিটেনের কৃষকরা এখন খরার তীব্র আঘাতে বিপর্যস্ত। চলতি বসন্তে দেশটিতে গত ৬৯ বছরের মধ্যে সবচেয়ে কম বৃষ্টিপাত হয়েছে। ফলে ফসল নষ্ট হচ্ছে, জলাধারের পানি কমে যাচ্ছে এবং পানির ব্যবহার নিয়ন্ত্রণের আহ্বান জানিয়েছে পরিবেশ সংস্থা। কৃষকরা বলছেন, এই পরিস্থিতি তাদের জীবিকার উপর বড় ধরনের হুমকি সৃষ্টি করেছে।
ইংল্যান্ডে মার্চ মাসে ১৯৬১ সালের পর সবচেয়ে কম বৃষ্টি হয়েছে এবং এপ্রিলে স্বাভাবিকের তুলনায় অর্ধেক বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। ফলে কৃষকরা স্বাভাবকের চেয়ে আগেই ফসল সেচ শুরু করেছেন। জাতীয় কৃষক ইউনিয়নের (এনএফইউ) মতে, কিছু ফসল ইতোমধ্যে নষ্ট হয়ে গেছে। এনএফইউ’র উপ-সভাপতি ডেভিড এক্সউড বলেন, “শুষ্ক আবহাওয়া এবং বৃষ্টির অভাবে কৃষকরা অনেক আগেই ফসল সেচ শুরু করেছেন। গত কয়েক বছরের চরম আবহাওয়া আমাদের খাদ্য উৎপাদনের ক্ষমতাকে ব্যাহত করছে।”
ইংল্যান্ডের উত্তর-পূর্ব এবং উত্তর-পশ্চিমাঞ্চলের জলাধারগুলোতে পানির মাত্রা উল্লেখযোগ্যভাবে কমে গেছে। বর্তমানে দেশটির জলাধারগুলো ৮৪ শতাংশ পূর্ণ, যা ২০২২ সালের এপ্রিলের তুলনায় ৬ শতাংশ কম। জাতীয় খরা গ্রুপের (এনডিজি) সদস্যরা জানিয়ছেন, পানি সংস্থাগুলো এই সংকট মোকাবিলায় “প্রার্থনা করা ছাড়া” তেমন কোনো পরিকল্পনা নেই।
২০২২ সালে ব্রিটেনে খরার কারণে ফসল নষ্ট হয়েছিল এবং লন্ডনসহ দক্ষিণ-পূর্বাঞ্চলে পানির তীব্র সংকট দেখা দিয়েছিল। এ বছরের পরিস্থিতি সেই সময়ের মতোই ভয়াবহ। নদীর পানির প্রবাহ কমে যাওয়ায় মাছ মরার ঘটনাও বেড়েছে। অ্যাঙ্গলিং ট্রাস্টের প্রচারণা প্রধান স্টুয়ার্ট সিঙ্গলটন-হোয়াইট বলেন, “যদি গ্রীষ্মকাল এই বসন্তের মতো শুষ্ক থাকে, তবে আমাদের নদী এবং মাছের জন্য এটি একটি বিপর্যয়কর সময় হবে।”
পরিবেশ সংস্থার উপ-পরিচালক রিচার্ড থম্পসন বলেন, “গতठুই বছর ছিল বৃষ্টিময়, কিন্তু এ বছরের শুষ্কতা খরার সম্ভাবনা তৈরি করেছে। আমরা সবাইকে পানি ব্যবহারে সাশ্রয়ী হতে বলছি এবং পানি সংস্থাগুলোকে ফুটো কমাতে ও স্মার্ট মিটার স্থাপনে আরও কাজ করতে হবে।”
কৃষকরা জানিয়েছেন, মে মাসের শুরুতে পর্যাপ্ত বৃষ্টি না হলে ফসলের উৎপাদন আরও ক্ষতিগ্রস্ত হবে। পশুপালনেও ঝুঁকি দেখা দিয়েছে, কারণ চারণভূমিতে ঘাসের পরিমাণ কমে যাচ্ছে। সরকার এবং পানি সংস্থাগুলোর পক্ষ থেকে পানির ফুটো ঠিক করার কাজ জোরদার করা হলেও, সংকট এড়াতে এখনই বৃষ্টির প্রয়োজন।
এই প্রতিবেদনের সূত্র: The Guardian















