সাইফ হাসান: ইংল্যান্ডে স্তন ক্যান্সারের চিকিৎসায় নতুন আশার আলো দেখা দিয়েছে। একটি বিশেষ ওষুধ, যা স্তন ক্যান্সারের পুনরাবৃত্তির ঝুঁকি কমায়, সম্প্রতি দেশটির স্বাস্থ্য কর্তৃপক্ষের অনুমোদন পেয়েছে। এই ওষুধ প্রতি বছর হাজার হাজার নারীর জীবন বাঁচাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
ইংল্যান্ডের ন্যাশনাল ইনস্টিটিউট ফর হেলথ অ্যান্ড কেয়ার এক্সিলেন্স (নাইস) গত ২৪ এপ্রিল ২০২৫-এ ‘রিবোসিক্লিব’ নামের এই ওষুধটির ব্যবহার অনুমোদন করে। এটি হরমোন রিসেপ্টর-পিটিভ, এইচইআর২-নেগেটিভ ধরনের প্রাথমিক স্তন ক্যান্সারে আক্রান্ত রোগীদের জন্য ব্যবহৃত হবে, যাদের ক্যান্সার পুনরাবৃত্তির ঝুঁকি বেশি। প্রতি বছর প্রায় ৪,০০০ রোগী এই ওষুধের সঙ্গে হরমোন থেরাপি গ্রহণ করতে পারবেন।
রিবোসিক্লিব প্রতিদিন দুটি ২০০ মিলিগ্রামের ট্যাবলেট হিসেবে গ্রহণ করতে হবে, যা একটি অ্যারোমাটেজ ইনহিবিটরের সঙ্গে মিলিয়ে কাজ করে। ক্লিনিকাল ট্রায়ালে দেখা গেছে, এই ওষুধ ক্যান্সার ফিরে আসার সময়কে ২৯% পর্যন্ত বিলম্বিত করতে পারে। তবে, ওষুধটি শুধুমাত্র নির্দিষ্ট শর্ত পূরণকারী রোগীদের জন্য অনুমোদিত, যেমন ক্ান্সার চারটি বা তার বেশি লিম্ফ নোডে ছড়িয়েছে অথবা এক থেকে তিনটি লিম্ফ নোডে থাকলেও টিউমারের আকার কমপক্ষে ৫ সেন্টিমিটার।
ব্রেস্ট ক্যান্সার নাউ-এর প্রধান নির্বাহী ক্লেয়ার রাউনি বলেন, “এই ওষুধ ক্যান্সার ফিরে আসার ঝুঁকি প্রায় এক-তৃতীয়াংশ (২৮.৫%) কমাতে পারে। কিন্তু খরচ-কার্যকারিতার অনিশ্চয়তার কারণে অনেক রোগী এর সুবিধা থেকে বঞ্চিত হতে পারেন, যা হতাশাজনক।”
কিছু ক্যান্সার দাতব্য সংস্থা এই সিদ্ধান্তের সমালোচনা করে বলেছে, উচ্চ ঝুঁকিতে থাকা অন্যান্য প্রাথমিক স্তন ক্যান্সার রোগীদের জন্যও এই ওষুধের ব্যবহার প্রসরিত করা উচিত। তারা নাইস এবং ওষুধ প্রস্তুতকারী কোম্পানি নোভার্টিসের কাছে দ্রুত সমাধানের আহ্বান জানিয়েছে।
এই প্রতিবেদনের সূত্র: The Guardian















