ঢাকা সংবাদদাতা: এ বছরের ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন চায় গণঅধিকার পরিষদ। শুক্রবার (১৪ মার্চ) সন্ধ্যায় রংপুর জেলা পরিষদ কমিউনিটি সেন্টার মিলনায়তনে গণঅধিকার পরিষদ জেলা ও মহানগরের উদ্যোগে ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মুহাম্মদ রাশেদ খান সাংবাদিকদের এ কথা বলেন।
মুহাম্মদ রাশেদ খান বলেন, রাষ্ট্র সংস্কারের অন্যতম উৎপাদন হলো নির্বাচন। চলতি বছরের ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন চায় গণঅধিকার পরিষদ। তার আগে সরকারকে প্রয়োজনীয় সংস্কার করতে হবে। আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারবে না—এটি আমাদের স্পষ্ট কথা।
রংপুরবাসীকে জাতীয় পার্টিকে বর্জন করার আহ্বান জানিয়ে রাশেদ খান বলেন, জাতীয় পার্টি স্বৈরাচারের দোসর। একটা কুলাঙ্গার পার্টি। এই পার্টি বাংলাদেশের গণতন্ত্রকে ধ্বংস করেছে। আমি রংপুরবাসীকে বলব, জাতীয় পার্টি থেকে বেরিয়ে এসে গণঅধিকার পরিষদের ছায়াতলে চলে আসুন।
অন্তর্বর্তীকালীন সরকারকে এনজিও সরকার উল্লেখ করে মুহাম্মদ রাশেদ খান বলেন, গণহত্যার বিচার, রাষ্ট্র সংস্কার ও নির্বাচন—তিনটি আলাপ একইসঙ্গে হতে হবে। কেউ কেউ গণহত্যার বিচারের আগে নির্বাচন নয়, এমনটি বলছেন। স্বৈরাচার হাসিনাসহ আওয়ামী লীগের বড় বড় নেতারা ভারতে পালিয়ে গেছে। তারা যদি দেশে না আসে, তাহলে কি আপনারা নির্বাচন করবেন না। গণহত্যার বিচারে গত সাত মাসেও প্রত্যাশা অনুযায়ী কার্যক্রম লক্ষ্য করা যায়নি। এখন পর্যন্ত সরকার নির্বাচন নিয়ে কোনো রোডম্যাপ প্রকাশ করতে পারেনি।















