মেয়রের মৃত্যু শোকে কালো ব্যাজ পরে খেলবে রাজশাহী কিংস

1351

খেলাধুলা ডেস্ক: ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হকের মৃত্যুতে বাংলাদেশ প্রিমিয়ার লিগের(বিপিএল) শনিবারে ম্যাচে ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে কালো ব্যাজ পরে খেলতে নামবে রাজশাহী কিংস।

রাজশাহী কিংস তাদের ফেসবুক ফ্যানপেজে শুক্রবার দুপুর ১২টা ৪৩ মিনিটে দেয়া পোস্টে লিখেছে, ‘ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হকের মৃত্যুতে রাজশাহী কিংস পরিবার শোকাহত।’

এছাড়া মেয়রের ছবি, তার জন্ম ও মৃত্যু তারিখ এবং কালো ব্যাজ সংবলিত একটি ছবি পোস্ট করেছে তারা। পরের পর্বে যেতে দুই দলের জন্যই শনিবারের ম্যাচটি গুরুত্বপূর্ণ। এদিকে ইংল্যান্ডে মৃত্যুবরণ করা আনিসুল হকের মরদেহ শনিবারই ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।

নাতির জন্ম উপলক্ষে গত ২৯ জুলাই ইংল্যান্ডে বেড়াতে যান আনিসুল ও তার স্ত্রী রুবানা হক। সেখানে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। আনিসুল হকের মস্তিষ্কে প্রদাহজনিত রোগ ‘সেরিব্রাল ভাস্কুলাইটিস’ শনাক্ত করেন চিকিৎসকেরা।

প্রায় চারমাস চিকিৎসাধীন থাকার পর বৃহস্পতিবার আনিসুল হকের মৃত্যুর খবর জানানো হয়। ২০১৫ সালে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র নির্বাচিত হন তিনি।