ঢাকা সংবাদদাতা: অসচ্ছল পরিবারের সুখের আশায় বিদেশে গিয়ে জীবন দিতে হলো ফরিদপুরের ভাঙ্গার দুই যুবককে। ইতালি নেয়ার কথা বলে তদের লিবিয়ার এক অজ্ঞাত স্থানে নিয়ে গুলি করে হত্যা করা হয়। গত রাতে এ খবর পেয়ে নিহতদের এলাকায় চলছে শোকের মাতম। পরিবারগুলো অভিযুক্ত দালালের কঠোর বিচারের পাশাপাশি দ্রুত সময়ের মধ্যে লাশ পরিবারের কাছে দেয়ার দাবি করেছে। প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে নিহতদের পরিবারের পক্ষ থেকে কোনো মামলা করা হয়নি। মামলা হলে তারা আইনগত ব্যবস্থা নেবে।
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার কুমারখালী গ্রামের তিন যুবক হৃদয় মাতুব্বর, সোহেল হাওলাদার ও রাসেল হাওলাদার গত বছরের ২৫শে নভেম্বর এলাকার জালাল মাতুব্বরের হাত ধরে ইতালির উদ্দেশ্যে দেশ ছাড়ে। এরপর কয়েকটি দেশ ঘুরিয়ে মাস দুয়েক আগে তাদের লিবিয়ায় নেয়া হয়। গত ২৪শে জানুয়ারি তাদের নৌপথে লিবিয়া থেকে ইতালির উদ্দেশ্যে রওনা হয়। সেখান থেকে নদীপথে ইতালিতে পাঠানোর কথা ছিল। এরপর আর তাদের কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না, মোবাইল ফোন বন্ধ পাওয়া যাচ্ছিল। এদিকে ৩১শে জানুয়ারি লিবিয়া থেকে ফেসবুকের মাধ্যমে হৃদয় ও আকাশের গুলিবিদ্ধ নিথর লাশের ছবি পাঠানো হয় পরিবারের কাছে। ছবি দেখেই শোকের ছায়া নেমে আসে পরিবারগুলোর মধ্যে। এদিকে মাফিয়া চক্রের সদস্যরা জানিয়েছে, হৃদয় ও আকাশ তারা দু’জন ২৫শে জানুয়ারি মারা গেছে। একই গ্রামের আরেকজন সোহেল মাতুব্বরের খোঁজ পাওয়া যায়নি এখনো। তবে কী কারণে তাদের হত্যা করেছে তা জানা যায়নি। এদিকে, দালাল চক্রের বাড়িতে গিয়ে কাউকে পাওয়া যায় নাই। গ্রামের সহজ সরল অসচ্ছল মানুষগুলোকে সুখের ঠিকানায় পৌঁছে দেয়ার কথা বলে নানা প্রলোভন দেখিয়ে বিদেশে পাঠিয়ে তাদের সন্তানকে হত্যা করছে। আর এর মধ্যদিয়ে তারা হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা। জেলায় ইতিপূর্বেও এ ধরনের হত্যার ঘটনা ঘটেছে কয়েকবার। কিন্তু পাচারকারীরা কোনো না কোনোভাবে বেঁচে গেছে। যার কারণে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঘটছে। দালাল চক্রকে আইনের আওতায় আনা গেলে এমন ঘটনা অনেকটাই কমে যাবে। নিহতদের পরিবারগুলো জানায়, ৩১ তারিখে তাদের ছেলের বুকের গুলি দেখে নিশ্চিত হই। তারপর থেকে আমি দালালদের সঙ্গে যোগাযোগ করলে তাদের মোবাইল ফোন বন্ধ পাই। আমার ছেলেকে দ্রুত আমার কাছে ফেরত চাই। দালাল চক্রের কঠোর বিচার দাবি করি। ভাঙ্গা থানার ওসি মো. মোকসেদুর রহমান বলেন, এ ঘটনায় কেউ থানায় মামলা দিতে আসেনি। মামলা দিলে ব্যবস্থা নেয়া হবে।















