সিলেট সংবাদদাতা: মৌলভীবাজার শহরের নুরজাহান প্রাইভেট হাসপাতালে ভুল চিকিৎসায় পপি রানী পাল (১৮) নামে এক প্রসূতির মৃত্যু হয়েছে বলে অভিযোগ করছেন তার স্বজনরা। রবিবার ভোরে সিলেট পার্কভিউ হাসপাতালে তার মৃত্যু হয়। এ ঘটনায় রোগীর স্বজনরা হাসপাতাল ঘেরাও করলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নিহত পপির বাড়ি সদর উপজেলার একাটুনা ইউনিয়নের মনোহরকোনা গ্রামে।
পপি রানীর স্বামী সিন্টু পালের ছোট ভাই মিন্টু পাল জানান, শুক্রবার (২৪ নভেম্বর) রাত ৭টায় সন্তান সম্ভবা পপিকে মৌলভীবাজার শহরের নুরজাহান প্রাইভেট হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক অপারেশনের জন্য বলেন। রাত সাড়ে ৯টার দিকে সদর হাসপাতালের সার্জারি ডাক্তার ফারজানা হক পর্ণা তার অস্ত্রোপচার করেন। অস্ত্রোপচারের পর তার এক সন্তানের জন্ম হয়। তারপর রোগীর রক্তক্ষরণ শুরু হয়। পরে রোগীর অবস্থার অবনতি হওয়ায় তাকে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়। ওই হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক রোগীকে ভর্তি না রেখে ঢাকা পিজি হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য পরামর্শ দেন। পরে রোগীর আত্মীয় স্বজন সিলেটের পার্কভিউ হাসপাতালে নিয়ে গেলে ভোররাতে তার মৃত্যু হয়।
মৌলভীবাজার নুরজাহান প্রাইভেট হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক তৌহিদ আহমদ বলেন, রোগীকে চিকিৎসা সেবা দিয়েছি। রোগীর রক্তক্ষরণ হয়েছে, যার জন্য রাতে আবার ডাক্তারকে এনে চিকিৎসা দেই। পরে তারা হাসপাতাল থেকে চলে যেতে চাইলে আমরা রিলিজ দেই।
এ ব্যাপারে মৌলভীবাজার মডেল থানার অফিসার ইনচার্জ সুহেল আহাম্মদ বলেন, পপি রানীর লাশ পরিবারের কাছ থেকে নিয়ে ময়না তদন্তের জন্য মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় মৌখিক অভিযোগ পেয়েছি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।















