ওয়ানবাংলানিউজ: লন্ডন মেয়র নির্বাচনের আর দুই সপ্তাহ বাকী। বৃহস্পতিবার লেবার দলের মেয়র প্রার্থী সাদিক খানের নির্বাচনী প্রচারণায় যোগ দেন লেবার পার্টির ডেপুটি লিডার এঞ্জেলা রেইনার। সাদিক খান আবার মেয়র নির্বাচিত হলে এবং আগামী সাধারণ নির্বাচনে যদি লেবার দল জয়লাভ করে ক্ষমতাসীন হয়, তাহলে সরকার আর লন্ডন মেয়র একাট্টা হয়ে কী করতে পারেন, তাঁর একটি বার্তা দিলেন এঞ্জেলা রেইনার ও সাদিক খান।
নির্বাচিত হলে লন্ডনের প্রাইমারি স্কুলগুলোতে আরও চার বছর বিনা মূল্যে স্কুল লাঞ্চ দেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন সাদিক খান।
সাদিক খান নতুন নতুন বেবি ব্যাংক প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছেন। এসব বেবি ব্যাংক থেকে দরিদ্র পরিবারগুলো বিনা মূল্যে নেপি এবং টয়লেট্রিজ সংগ্রহ করতে পারবে। এছাড়া ব্রেক্সিটের পর লন্ডনের শিক্ষার্থীরা যাতে বিদেশে পড়াশোনা করতে পারে, সেজন্য একটি স্কিম তৈরি করা হবে। তবে বিনা মূল্যে স্কুল মিল সরবরাহ করা অনেক ব্যয়বহুল একটি প্রকল্প। সাদিক খান কেন এই প্রকল্প চালিয়ে যেতে চান?
যত মাইল গাড়ি চালাবেন, ততো মাইলের ট্যাক্স দেবেন- এমন পরিকল্পনা গ্রহণের সম্ভাবনা নির্বাচনী ইশস্তেহারে নাকচ করে দিয়েছেন সাদিক খান। আরও চার বছরের জন্য গণপরিবহনের ভাড়া ফ্রিজ করে রাখা হবে- এমন নিশ্চয়তা নেই সাদিক খানের ইশতেহারে।
সহিংস অপরাধ দমনে অগ্রগতি হয়েছে দাবি করে সাদিক খান বলেন, আরও অগ্রগতি অর্জন করতে হবে।
জনমত জরিপে এগিয়ে আছেন সাদিক খান। তবে দুই মেয়াদে মেয়র থাকার পরও সাদিক খান লন্ডনের বাসিন্দাদের আরও অনেক কিছু দেয়ার সামর্থ্য রাখেন- এই কথা ভোটারদের বিশ্বাস করানোটাই এখন তাঁর সামনে মুল চ্যালেঞ্জ।
এদিকে লন্ডনে প্রয়োজনের তুলনায় ঘর-বাড়ির সংখ্যা কম; ঘর ভাড়া আকাশচুম্বী। তাই লন্ডনের ভাড়া ঘর ছেড়ে ডার্বিতে বাড়ি কিনেছেন জেমা। কাজের প্রয়োজন অনুযায়ী তিনি ডার্বি থেকে লন্ডনে যাতায়াত করেন।
লেবার নেতা শুক্রবার ডার্বি এলাকায় একটি হাউজিং প্রকল্প পরিদর্শনকালে বলেন, তাঁর দল ক্ষমতায় এলে দেশের গ্রে-বেল্ট এলাকায় নতুন আবাসন প্রকল্প বাস্তবায়ন করবে। গ্রে-বেল্ট এলাকা হলো এমন সব স্থান যেগুলোর গুনগত মান গ্রিন এলাকার চেয়ে নিম্ন মানের।
কনজারভেটিভ দল বলছে, তাঁরা স্থানীয় মানুষের মতামতকে গুরুত্ব দিয়ে সঠিক স্থানে সঠিক আবাসন প্রকল্প বাস্তবায়ন করবে।















