লন্ডনের বিস্ময়বালিকা বোধানার কাছে কুপোকাত হচ্ছেন বিশ্বের বাঘা দাবাড়ুরা

361

লন্ডনের ৮ বছর বয়সের মেয়ে বোধানা সিভানান্দান দাবা খেলায় ইতিহাস সৃষ্টি করেছে। ক্রোয়েশিয়াতে গত শনিবার অনুষ্ঠিত ইউরোপীয় দাবা চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতায় সে বেস্ট ফিমেইল প্লেয়ার নির্বাচিত হয়েছে। বোধানার কাছে পরাজিত হয়েছেন তাঁর চেয়ে ৩০ বছর বেশী বয়সের ইন্টারন্যাশনাল মাস্টার। আর দুই বারের চ্যাম্পিয়ান রোমানিয়ার গ্র্যান্ড মাস্টারের সাথে ড্র করেছে বোধানা।


ইউরোপীয় দাবা চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় মূলত ব্লিটজ টাইম কন্ট্রোল পদ্ধতিতে, যেখানে নির্দিষ্ট কয়েক মিনিটের মধ্যে খেলোয়াড়কে চাল দিতে হয়। আরও ৫৫৪ জন প্রতিযোগী এতে অংশ নেন, যাদের অধিকাংশ ছিলেন পূর্ণ বয়স্ক মানুষ।

বোধানা প্রধানমন্ত্রী ঋষি সুনাকের সাথেও গত গ্রীষ্ম মৌসুমে দাবা খেলেছে। তখন ডাউনিং স্ট্রীটে আমন্ত্রণ পেয়েছিল বোধানা। দাবায় দেশিয় প্রতিভা বিকাশে তখন মিলিয়ন পাউন্ড বরাদ্দের ঘোষণা দেয় ব্রিটিশ সরকার।

দাবা খেলায় অতীতে যারা বিস্ময়কর সাফল্য দেখিয়েছেন, তাদের মধ্যে একজন নাইজেল শর্ট। তিনি বলেন, বোধানা অনেক বড় দাবা খেলোয়াড় হবে।

নর্থ-ওয়েস্ট লন্ডনে বোধানা যে স্কুলে যায়, সেই স্কুল কর্তৃপক্ষ নতুন বছরে একটি দাবা ক্লাব খুলতে যাচ্ছে। ৫ বছর বয়স থেকে দাবা খেলা শুরু করে এখন ৮ বছরে পা দেয়া বোধানা তাঁর স্কুলের সাথীদের কাছে অনুপ্রেরণা।

আগামী সপ্তাহে ইংল্যান্ডের হেইস্তিংসে অনুষ্ঠিত হবে ইন্টারন্যাশনাল চেস কংগ্রেস। এটি বিশ্বের অন্যতম পুরনো দাবা টুর্নামেন্ট। সেখানেও বাঘা বাঘা দাবাড়ুর সাথে খেলবে বোধানা।