মনের তরুণ্য দিয়ে বার্ধক্যকে জয় করার বার্তা

2839

ওয়ানবাংলানিউজ: বয়স বাড়লেই মানুষ অচল হয়ে যায় না। মনের তারুণ্য দিয়ে বার্ধক্যের বহু চ্যালেঞ্জ জয় করা সম্ভব। সম্ভব শেষ অবধি জীবনকে উপভোগ করা। ‘এ সিজন অব বাংলা ড্রামা’র সমাপনী পরিবেশনায় ছিলো এমন বার্তা। এবারের বাংলা নাট্য উৎসবের শেষ পরিবেশনা ছিলো ‘ফিরে পাওয়া জীবন’।

২৬ নভেম্বর রোববার ব্রাডি আর্টস সেন্টারে অনুষ্ঠিত হয় উৎসবের বিদায়ী এই আয়োজন। নাটকটির মঞ্চায়ন করে মিতালী আর্টস গ্রুপের শিল্পীরা।

এ নাটকে বাঙালি সমাজে বয়স্কদের প্রচলিত দৃষ্টিভঙ্গি তুলে ধরা হয়। যারা কেবল বয়স বাড়ার কারণে নিজেদের বৃদ্ধ ও অচল মনে করেন। হাল ছেড়ে দেন জীবনের। হতাশা ও আলস্যের কারণে হয়ে উঠেন অন্যের বোঝা। অথচ দৃষ্টিভঙ্গি পরিবর্তন করলেই বৃদ্ধ বয়সেও তারা জীবনকে উপভোগ করতে পারেন। মাতিয়ে রাখতে পারেন পরিবারকে। এজন্য দরকার নিয়মিত শরীরচর্চা, পরিমিত ও স্বাস্থ্যকর খাবার, সম—বসয়ীদের সাথে আড্ডা এবং সঙ্গী ও পরিবারের সদস্যদের সঙ্গে প্রাণখুলে কথা বলা। হয়তো শারীরিক জটিলতা নিয়ে কাজগুলো কঠিন। তবে মনকে শক্ত করে, মনের তারুণ্য জাগিয়ে জীবনকে উপভোগ করার মানসিকতা জাগ্রত করলেই সব সম্ভব।

১৯৭৮ সালে প্রতিষ্ঠিত ‘মিতালী আটর্স গ্রুপ’ যুক্তরাজ্যে বাংলাদেশিদের প্রথম কোনো নাট্যদল। এই সেমি—প্রফেশনাল নাট্যদলের সদস্যরা সবাই বাংলাদেশি কমিউনিটির লোক। কিন্তু সমাজ—সংসার নিয়ে ব্যস্ত হয়ে পড়া এসব সৌখিন শিল্পী বহু বছর অভিনয় থেকে দূরে ছিলেন। এখন নিজেরাও বয়স্কদের কাতারে। নিজেদের সম্মিলিত ভাবনা, লেখা ও অভিনয়ে তারা বার্ধক্যকে চ্যালেঞ্জ করে আবারও মঞ্চ মাতালেন। অভিনয়ে ছিলেন প্রায় এক ডজন শিল্পী।

চমৎকার অভিনয় আর রসালো সংলাপে ভরপুর নাটকটির প্রতিটি দৃশ্য ছিলো উপভোগ্য। প্রায় দেড় ঘন্টার এই নাটক মানিতে রাখে হলভর্তি দর্শকদের। দর্শক প্রতিক্রিয়ায় ভ্লগার সাথী ইসলাম এই প্রতিবেদককে বলেন, নাটকটি অসাধারণ লেগেছে। কারণ এর বিষয়বস্তু ছিলো বাস্তব এবং সময়োপযোগী। সমাজের প্রচলিত নেতিবাচক ধ্যান—ধারণা পরিবর্তনে শিল্পের শক্তি দেখিয়েছে এই মঞ্চ নাটকটি। তিনি বলেন, উদার, মননশীল, মানবিক মানুষ গড়তে নাট্যোৎসবের মত এমন সাংস্কৃতিক আয়োজন বেশি বেশি হওয়া উচিত।

গত ১ নভেম্বর থেকে লন্ডনে শুরু হয় মাসব্যাপী বাংলা নাট্যোৎসব ‘এ সিজন অব বাংলা ড্রামা’। পূর্ব লন্ডনের বাংলাদেশি অধ্যুষিত টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের আয়োজনে প্রতি বছর নভেম্বর মাসজুড়ে চলে এই উৎসব। এটি ছিলো লন্ডনে বাংলা নাট্যোৎসবের ২০ তম আয়োজন। যে কারণে এবারের উৎসবের মূল স্লোগান ‘২০ অ্যাক্টস অব লাভ’ (ভালোবাসার ২০টি অভিনয়)। বরাবরের মত এবারও ‘এ সিজন অব বাংলা ড্রামা’র মাসব্যাপী আয়োজনে মঞ্চনাটকের পাশাপাশি ছিলো গান, কবিতা, নৃত্য, বিষয়ভিত্তিক আলোচনা ও চিত্র প্রদর্শণীসহ নানা সাংস্কৃতিক আয়োজন।