খেলাধুলা ডেস্ক: রাশিয়া বিশ্বকাপ সামনে রেখে ইউরোপজুড়ে চলছে আন্তর্জাতিক প্রীতি ফুটবলের আসর। শুক্রবার রাতে একে অপরের বিপক্ষে নেমেছিল কয়েকটি দেশ। এদের মধ্যে ওয়েলসের বিপক্ষে ২- ০ গোলে জয় পেয়েছে ফ্রান্স। সৌদি আরবকে ৩-০ গোলে হারিয়েছে পর্তুগাল। গোলশূন্য ড্র করেছে জার্মানি-ইংল্যান্ড ও উরুগুয়ে-পোল্যান্ড। ৩-৩ গোলে ড্র করেছে বেলজিয়াম-মেক্সিকো।
ফ্রান্স স্টেডিয়ামে উপস্থিত ৫০ হাজার দর্শককে বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি। প্রথমার্ধের ১৮ মিনিটে স্ট্রাইকার আন্তেনিও গ্রিজম্যান সতীর্থ খেলোয়াড় তোলিসোর কাছ থেকে বল পেয়ে ওয়েলসের জালে জড়িয়ে দেন। ৭১ মিনিটে দলের গোলসংখ্যা দ্বিগুণে পরিণত করেন স্ট্রাইকার অলিভার গিরো।
এশিয়া অঞ্চল থেকে অনেকদিন পর বিশ্বকাপে সুযোগ পাওয়া সৌদি আরবের বিপক্ষে মাঠে নেমেছিল ইউরোপের অন্যতম শক্তিশালী দল পর্তুগাল। ৩-০ গোলের বড় ব্যবধানে জয় পেয়েছে ফার্নান্দো সান্তোসের দল। এদিন ঘরের মাঠ স্তাদিও মিউনিসিপাল দো ফন্তেলোতে সৌদিকে আতিথিয়েতা জানায় পর্তুগাল। তবে বিশ্রামের কারণে ছিলেন না দলের সেরা তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো।
লন্ডনে ওয়েম্বলি স্টেডিয়ামে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন জার্মানিকে আতিথেয়তা দেয় স্বাগতিক ইংল্যান্ড। হাইভোল্টেজ ম্যাচটি গোলশূন্য ড্র হয়। ১৯৮০ সালের পর এই প্রথম এতটা অনভিজ্ঞ দল নিয়ে জার্মানির মতো শক্তিশালী দলের মোকাবেলা করেছে থ্রি লায়ন্সরা।
গোলরক্ষক জর্ডান পিকফোর্ড এবং মধ্যমাঠের তারকা রুবেন লফ্টাস-এই দুই খেলোয়াড়ের অভিষেক ম্যাচ ছিল এটা। এরকম অনভিজ্ঞ একটা দল জার্মানির সঙ্গে পাল্লা দিয়ে তাদের সব শক্তি প্রতিরোধ করতে পারবে, সেটা ইংলিশ কোচ গ্যারেথ সাউথগেট নিজেও কল্পনা করতে পারেননি।
এদিকে ব্রাসেলসের রিও বোডিন স্টেডিয়ামে বেলজিয়াম ৩-৩ গোলে ড্র করেছে কনকাকাফ অঞ্চলের অন্যতম সেরা দল মেক্সিকোর সঙ্গে। প্রীতি ম্যাচ হলেও প্রতিদ্বন্দ্বিতার কোনো ঘাটতি ছিল না। দুইবার বেলজিয়াম এগিয়ে গিয়ে শেষপর্যন্ত ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হলো তাদের। ১৭ মিনিটে স্ট্রাইকার ইডেন হ্যাজার্ড গোল করে বেলজিয়ামকে এগিয়ে নেন। ৩৮ মিনিটে পেনাল্টি থেকে গোল করে সমতা আনেন মেক্সিকোর মধ্যমাঠের তারকা হোসে আন্দ্রেস।
৫৫ মিনিটে ফরোয়ার্ড রোমেলা লোকাকু বেলজিয়ামের হয়ে দ্বিতীয় গোল করেন। এর ঠিক এক মিনিট পরেই মেক্সিকোর স্ট্রাইকার হারভিং রডরিগো গোল করে সমতা আনেন। ৬০ মিনিটে হারভিং রডরিগো গোল করে দলকে এগিয়ে নেন। ৭০ মিনিটে রোমেলা লোকাকু গোল করে বেলজিয়ামের হয়ে সমতা আনেন।
এদিকে পোল্যান্ডের মাঠে নিজের সেরাটা দিতে পারেননি ফর্মে থাকা উরুগুয়ের ফরোয়ার্ড এডিনসন কাভানি। উরুগুয়ে-পোলান্ডের ম্যাচটি শেষ হয় গোলশূন্য ড্রতে।















