ওয়ানবাংলানিউজ: লন্ডন মেট্রোপলিটন পুলিস অনেক দিন ধরে নারীদের সুরক্ষা দেয়ার প্রতিশ্রুতি দিয়ে আশ্বস্ত করার চেষ্টা করছে। মেট পুলিস বলে আসছে, তাঁরা যৌন নিপীড়ন এবং সহিংসতার ঘটনা গুরুত্ব দিয়ে বিবেচনা করে। কিন্তু সোমবার জানা গেলো মেট পুলিশেরই একজন কর্মকর্তা ডেভিড ক্যারিক একজন ধারাবাহিক ধর্ষণকারী। দুই দশক ধরে এই অপরাধ করে আসছিলেন পুলিসের এই কর্মকর্তা।
হার্টফোরডশায়ারের বাসিন্দা ডেভিড ক্যারিক ১২ জন নারীর ওপর ৪৯টি অপরাধ করার অভিযোগ স্বীকার করেছেন। এদের কয়েকজনকে তিনি তাঁর ঘরের সিঁড়ির নীচে ছোট কাবারডে ঘণ্টার পর ঘণ্টা তালাবদ্ধ করে রেখেছিলেন। এসময় তাদেরকে তিনি খাবারও দিতেন না। এসব নারীকে তিনি মোটা, অলস বলে গালাগাল দিয়ে তাদেরকে তাঁর দাসী বলে ডাকতেন। আর্থিকভাবে তিনি এসব নারীকে নিয়ন্ত্রণ করতেন এবং তাদের পরিবার থেকেও আলাদা করে রাখতেন, এমনকি এসব নারীদের সন্তানদের কাছ থেকেও দূরে রাখতেন।
ডেভিড ক্যারিক এর বিষয়ে অনেকবারই অভিযোগ উঠেছে অতীতে। একজন নারীর সাথে দুটি অপরাধের অভিযোগ থাকা সত্ত্বেও ২০০১ সালে মেট পুলিসের যাচাই-বাছাই প্রক্রিয়া পাশ করেন ক্যারিক। এক বছর চাকুরী করার পর সাবেক এক সঙ্গীর ওপর নির্যাতন এবং হয়রানী করার অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। ২০০৯ সালে তাঁর বিরুদ্ধে পারিবারিক সহিংসতার একটি অভিযোগ ওঠে। ২০১৭ সালে হ্যাম্পসায়ার পুলিস তাঁর বিরুদ্ধে একটি হয়রানির অভিযোগ তদন্ত করে। একই বছর তাঁর বিষয়ে আবার পুলিসের বিভাগীয় যাচাই-বাছাই হয়। তখনও উতরে যান তিনি। ২০২১ সালের জুলাই মাসে ধর্ষণ করার সন্দেহে ডেভিড ক্যারিককে গ্রেফতার করে হার্টফোরডশায়ার পুলিস। কিন্তু তখনও মেট পুলিস তাঁকে সীমিতভাবে দায়িত্ব পালন অব্যাহত রাখার অনুমতি দেয়।
সোমবার দোষী সাব্যস্ত হওয়ার পর ডেভিড ক্যারিকের শাস্তি ঘোষণা করা হবে আগামী মাসে।
পুলিশের পোশাক পরিধান করে দুই দশক ধরে কীভাবে অপরাধী কার্যক্রম চালিয়ে যেতে পারলেন ডেভিড ক্যারিক, এমন প্রশ্নের জবাবে দুঃখ প্রকাশ করে মেট পুলিসের কমিশনার মার্ক রাওলি বলেছেন, তিনি পুলিসে বড় রকমের পরিবর্তন আনতে যাচ্ছেন।
এদিকে পুলিসের অভ্যন্তরীণ সমস্যা নিয়ে রাজনীতিবিদের মধ্যেও শুরু হয়েছে কথার লড়াই। প্রধানবিরোধী দল লেইবার পার্টি বলছে, তাঁরা ক্ষমতায় এলে পুলিসের যাচাই-বাছাই এবং অসদাচনের বিষয়ে একটি জাতীয় মানদণ্ড চালু করবে। তবে হোম সেক্রেটারি বলেছেন, পুলিসের অভ্যন্তরীণ সংস্কৃতির ওপর একটি তদন্ত চলছে এবং পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণে আছে।















