ওয়ানবাংলানিউজ: ইংল্যান্ডের সেকেন্ডারি স্কুলের শিক্ষার্থীদের মধ্যে গতানুগতিক ধূমপান কমলেও ভেইপিং এর প্রবণতা বাড়ছে। ইয়র্কশায়ারের সেকেন্ডারি স্কুল এবং শিষ ফর্ম শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে সম্প্রতি পরিচালিত এক জরিপের ফলাফলে জানা যায়, প্রতি পাঁচ শিক্ষার্থীর মধ্যে একজন ভেইপিং ট্রাই করে দেখেছে। জরিপের ফলাফল প্রকাশের পর ইয়র্কের হান্টিংটন সেকেন্ডারি স্কুলের শিক্ষার্থীদের ভেইপিং সম্পর্কে সচেতন করার উদ্যোগ নিয়েছে স্থানীয় কাউন্সিল কর্তৃপক্ষ।
বাংলাদেশি অধ্যুষিত টাওয়ার হ্যামলেটস কাউন্সিল সহ দেশের বিভিন্ন এলাকার সেকেন্ডারি স্কুলের শিক্ষার্থীদের মধ্যে ভেইপিং এর প্রবণতা বাড়ছে। স্কুলের শিক্ষকেরা চেষ্টা করছেন টিনেজারদের এই অভ্যাস থেকে বিরত রাখতে।
সিটি অফ ইয়র্ক কাউন্সিলের স্বাস্থ্য বিষয়ক প্রশিক্ষকেরাও শিশুদের ভেইপিং থেকে বিরত থাকার প্রশিক্ষণে এগিয়ে এসেছেন।
হান্টিংটন সেকেন্ডারি স্কুলের অনেক শিক্ষার্থী ইতোমধ্যে ইলেক্ট্রনিক সিগারেট, অর্থাৎ ভেইপিং ট্রাই করে দেখেছে। কেউ কেউ কৌতূহলের বসে করেছে, আর কেউ কেউ এখন নিয়মিত ধূমপায়ী।
স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, ভেইপিং এর মধ্যেও নিকোটিন থাকে, যা হেরোইনের মতো আসক্তি সৃষ্টি করতে পারে।
১৮ বছরের কম বয়সের কারো ইলেক্ট্রনিক সিগারেট ক্রয় করা অবৈধ। কিন্তু তারপরও এর চেয়ে কম বয়সের অনেক শিশু নানা পন্থায় ইলেক্ট্রনিক সিগারেট পেয়ে যাচ্ছে, কিংবা জোগাড় করে নিচ্ছে।















