খেলাধুলা ডেস্ক: সময় লাগল নিজেকে খুঁজে পেতে। অস্ট্রেলিয়ার হাই-লাইন ডিফেন্ডিংয়ে প্রথম দিকে নিজের ছায়া হয়ে ছিলেন লিওনেল মেসি। সেখান থেকে দলকে পথে ফেরাতে আবারও জাদু দেখালেন এই তারকা। তার ম্যাজিকে লিড পেল আর্জেন্টিনা। একক প্রচেষ্টায় তিন ডিফেন্ডারকে ফাঁকি দিয়ে গোল করলেন। এটি মেসির ক্লাব ও জাতীয় দল মিলিয়ে হাজারতম ম্যাচে ৭৮৯তম গোল। যে গোলে বিশ^কাপে মেসি ছাড়িয়ে গেলেন ডিয়াগো ম্যারাডোনাকেও। আল রাইয়ানের আহমেদ বিন আলি স্টেডিয়ামে মেসির পর গোল করলেন হুলিয়ান আলভারেজ। শেষ দিকে আত্মঘাতী গোলে শুধু ব্যবধানই কমিয়েছে অস্ট্রেলিয়া। শেষ মুহূর্তে আর্জেন্টিনাকে বাঁচিয়েছেন এমিলিয়ানো মার্টিনেজ। এই গোলরক্ষকের দক্ষতায় নির্ধারিত সময়েই অস্ট্রেলিয়াকে ২-১ ব্যবধানে হারিয়ে শেষ আটের টিকেট কাটলো আর্জেন্টিনা। আগামী ৯ই ডিসেম্বর লুসাইল স্টেডিয়ামে নেদারল্যান্ডসের মুখোমুখি হবে আর্জেন্টিনা।
দিনের প্রথম খেলায় পাঁচ মিনিটের মধ্যেই যুক্তরাষ্ট্র নেদারল্যান্ডসের জালে হানা দেয়। কিন্তু ১০ মিনিটের মাথায় খেলার নিয়ন্ত্রণ নিয়ে নেয় ডাচরা। মেমফিস ডিপাই গোলের সূচনা করেন। তবে যুক্তরাষ্ট্র খেলায় ফিরে আসার চেষ্টা করে। ফাঁকে ফাঁকে আক্রমণও চালায়। এর মধ্যে বিরতির সময় এসে যায়। ৩০ সেকেন্ড বাকি থাকতেই ড্যালি ব্লিন্ড গোল করে ডাচদের বিজয় অনেকটা নিশ্চিত করে ফেলেন। মজার ব্যাপার হচ্ছে দুটো গোলই হয়েছে একই পজিশন থেকে, একই অবস্থায়।















