টেক্সাসে গির্জায় হামলাকারীর পরিচয় মিলল

1251

আন্তর্জাতিক ডেস্ক: আমেরিকার টেক্সাসের সাদারল্যান্ড স্প্রিংসে রোববার চার্চে বন্দুক হামলার ঘটনায় কমপক্ষে ২৬ জনকে হত্যাকারীর পরিচয় মিলেছে। টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবোট এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছে। খবর দ্য গার্ডিয়ান, বিবিসি।

টেক্সাসে চার্চে বন্দুক হামলা করে ২৬ জনকে হত্যাকারী ব্যক্তির নাম ডেভিন প্যাট্রিক ক্যালি। রোববার প্রার্থনারতদের ওপর এলোপাতাড়ি গুলি চালিয়ে তাদের হত্যা করেন ২৬ বছর বয়সী প্যাট্রিক।

সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, হামলার ঘটনায় জড়িত প্যাট্রিকের পরিচয় শনাক্ত হয়েছে। তিনি আমেরিকার বিমান বাহিনীর সদস্য ছিলেন। ২০১০ সাল থেকে বিমানবাহিনীতে কর্মরত থাকার পর নীতিমালা ভঙ্গের দায়ে ২০১৪ সালে শ্বেতাঙ্গ এই তরুণকে বরখাস্ত করা হয়।

পুলিশ বলছে, হামলার পরপরই প্যাট্রিক গাড়ি নিয়ে পালিয়ে যান। পরে গডেলুপ কাউন্টিতে নিজ গাড়িতেই তার মরদেহ পাওয়া যায়।
তবে প্যাট্রিক আত্মহত্যা করেছেন নাকি তাকে হত্যা করা হয়েছে তা এখনও নিশ্চিত নয়। হামলার কারণ সম্পর্কেও এখনও নিশ্চিত হতে পারেনি পুলিশ। এদিকে এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।