জামিন পেয়েই আনন্দে চালালেন গুলি, ফের জেলে পাঠালো আদালত

273

আন্তর্জাতিক ডেস্ক: আদালতে জামিন পেলে প্রচণ্ড আনন্দ হওয়াই স্বাভাবিক। তবে সেই আনন্দে শূন্যে গুলি ছুঁড়ে আবারও জেলে ফিরতে হলো এক ব্যক্তিকে। এমনই ঘটনা ঘটেছে প্রতিবেশী দেশ ভারতের মধ্যপ্রদেশে। সেখানে এক ব্যক্তি জামিনে মুক্তি পেয়েই সমর্থকদের নিয়ে শূন্যে গুলি ছোড়েন। ফলে সঙ্গে সঙ্গে তার জামিন খারিজ করে দেয় মধ্যপ্রদেশ হাই কোর্ট। যদিও ঘটনাটি হাস্যরসের সৃষ্টি করেছে নেটিজেনদের মধ্যে।

হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়, পাঁচ লাখ রূপির ব্যক্তিগ্র বন্ডে মুক্তি দেয়া হয়েছিল ওই অভিযুক্তকে। তার বিরুদ্ধে মোট পাঁচ মামলা রয়েছে। তবে বন্দি থাকার মেয়াদ বিবেচনা করে তাকে জামিনে মুক্তি দেয় আদালত। কিন্তু জামিনের আনন্দ খুব বেশিক্ষণ থাকেনি ওই ব্যক্তির। জেল থেকে মুক্তির পরই তাকে স্বাগত জানাতে আসেন তার শতাধিক সমর্থক।

তারাই আনন্দ উল্লাসে তাকে বরণ করে নেয়। সেসময় খুশিতে শূন্যে গুলি ছোড়ে ওই ব্যক্তি। আর এতেই ক্ষুব্ধ হয়ে তার জামিন বাতিল করে দেয় আদালত।

জামিন বাতিল নিয়ে বিচারপতি বলেছেন, একজন অপরাধীকে নিয়ে যদি এভাবে মাতামাতি হয়, তাহলে সমাজ সেখান থেকে ভুল বার্তা পেতে পারে। তাছাড়া জামিনে মুক্তি পাওয়ার অর্থ এই না যে অভিযুক্তকে বেকসুর খালাস দেয়া হয়েছে। কিন্তু তাকে স্বাগত জানাতে শতাধিক মানুষ এসেছে। তাকে ফুলের মালা পরিয়ে সংবর্ধনা দেয়া হয়েছে। আদালত বলে, দেখে মনে হচ্ছিল জেল থেকে নয়, যুদ্ধ জয় করে ফিরেছে ওই লোক। এভাবে যদি একজন অপরাধীকে নিয়ে মাতামাতি হয় তাহলে মামলার সাক্ষীরা পিছু হটে যাবে। যদিও অভিযুক্তের দাবি, তিনি মুক্তি পাওয়ায় তার ‘আশীর্বাদ’ নিতে এসেছিলেন অনেকে। তিনি আতঙ্ক ছড়াতে লোক জমায়েত করেননি।