‘মামলাকে অস্ত্র হিসেবে ব্যবহার করতে চায় সরকার’

117

ঢাকা সংবাদদাতা: বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডা. জোবায়দা রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাকে রাজনৈতিক প্রতিহিংসামূলক বলছে দলটি। তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন মামলাকে অস্ত্র হিসেবে ব্যবহার করতে চায় সরকার। আজ বিকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ফখরুল বলেন, রাজনৈতিক প্রতিহিংসার কারণে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে সাজা দিয়ে প্রথমে কারাবন্দি করে, এখন তাকে গৃহবন্দি করে রাখা হয়েছে। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে সাজা দিয়ে বিদেশে থাকতে বাধ্য করা হচ্ছে।

একইসঙ্গে তার সহধর্মিণী যিনি রাজনীতির সঙ্গে একেবারে জড়িত নন, তিনি একজন পেশাজীবী মেধাবী চিকিৎসক। শুধু এই পরিবারের সদস্য হওয়ার কারণে তার বিরুদ্ধে রাজনৈতিক মামলা নিয়ে আসা হয়েছে এবং গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। তিনি বলেন, আওয়ামী লীগ সরকার শুরু থেকেই রাজনৈতিক প্রতিহিংসার কারণে শুধু জিয়া পরিবারই নয়, যারা বিরোধী দলের রাজনীতির সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধেও এ ধরনের অসংখ্য মিথ্যা মামলা দেয়া হয়েছে। বিরোধী দলকে দমন করার জন্য মামলাটাকে আওয়ামী লীগ অস্ত্র হিসেবে নিয়েছে। দেশের মধ্যে একটা বিরাজনীতিকরণ অবস্থার সৃষ্টি করছে।

খালেদা জিয়া ও তারেক রহমানকে রাজনীতি থেকে দূরে রাখতে সরকার মামলাকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে অভিযোগ করে তিনি বলেন, তারেক রহমান ও জোবায়দা রহমানের বিরুদ্ধে দেয়া গ্রেপ্তারি পরোয়ানার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। তাদের বিরুদ্ধে মামলার কোনো ভিত্তি নেই।

মির্জা ফখরুল বলেন, নির্বাচন ঘনিয়ে আসলেই সরকার মামলাকে অস্ত্র হিসেবে ব্যবহার করে। ১৮ সালের নির্বাচনের আগে বিএনপি’র ১৯ জন প্রার্থীর প্রার্থিতা বাতিল করেছিল।