অবরোধ মিয়ানমারের পরিস্থিতি আরো খারাপ করবে: মিয়ানমার

638

আন্তর্জাতিক ডেস্ক: রাখাইনের রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে নৃশংসতার জন্য মিয়ানমার সেনাবাহিনীর ওপর অবরোধ আরোপে কাজ করছে যুক্তরাষ্ট্র। এই অবরোধ আরোপ হলে তা নতুন বেসামরিক সরকারের জন্য জেনারেলদের সঙ্গে ক্ষমতা ভাগাভাগি করে চলা কঠিন হয়ে পড়বে। মিয়ানমারের কার্যত সরকার প্রধান অং সান সু চি’র মুখপাত্র গতকাল শুক্রবার এ কথা বলেছেন। ঠিক একদিন আগেই মার্কিন সিনেটে মিয়ানমারের সেনাবাহিনীর বিরুদ্ধে আবারো অবরোধ আরোপের জন্য বিল উত্থাপন করেছেন রিপাবলিকান ও ডেমোক্রাট দলের নেতারা। এই বিল পাস হলে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া পর্যন্ত জ্যেষ্ঠ সেনা কর্মকর্তাদের ওপর সুনির্দিষ্ট অবেরাধ ও ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ হবে। দেশটিতে যুক্তরাষ্ট্রের বেশির ভাগ সামরিক সহায়তা বন্ধ হয়ে যাবে।

মার্কিন রাজনীতিকদের নতুন এই পদক্ষেপের বিষয়ে সু চি’র মুখপাত্র জ হতয় বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, দেশের অর্থনীতির উন্নতির জন্য আভ্যন্তরীণ স্থিতিশীলতা দরকার। আন্তর্জাতিক নিষেধাজ্ঞা আরোপ হলে ভ্রমণ ও ব্যবসা বিনিয়োগের সঙ্গে জড়িত মানুষরা ক্ষতিগ্রস্ত হবে। এর ফলে মিয়ানমার আরো খারাপ পরিস্থিতির মুখে পড়বে। আগামী ১৫ নভেম্বর মিয়ানমার সফর করবেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন। তার সফরকালে রাখাইন পরিস্থিতি নিয়ে সরকারের প্রচেষ্টার কথা তুলে ধরা হবে। জ হতয় বলেন, আসলে আমরা কি করছি তা তুলে ধরব। আমরা তাকে বলতে পারি না যে, এটা করবেন না। এক্ষেত্রে যুক্তরাষ্ট্রের নীতিও আমরা জানি না।

গণতন্ত্রের দাবিতে সু চির নেতৃত্বে আন্দোলনরত মানুষের ওপর সামরিক জান্তার দমন-পীড়নের কারণে সেনাবাহিনীর ওপর অবরোধ আরোপ করা হয়েছিল আগে। সু চি’র মুখপাত্রের মতে, এখনো সেনা বাহিনীকে সঙ্গে নিয়েই চলতে হবে বেসামরিক সরকারকে। কারণ একা সরকার দিয়ে দেশের পুনর্গঠন হবে না। সেনাবাহিনীকে সম্পৃক্ত করা প্রয়োজন রয়েছে। ২০০৮ সালের সংবিধানের অধীনে সেনাবাহিনীর সঙ্গে সমঝোতার অধীনেই সব কিছু হতে হবে। নতুন করে আন্তর্জাতিক অবরোধ ও চাপ সরকারের কাজে বাধা সৃষ্টি করবে। অতীতের অভিজ্ঞতা বলে, অবরোধ আরোপ হলে ফল ইতিবাচক হবে না। তিনি আরও বলেন, অবরোধ শুধু সেনা নিয়ন্ত্রিত (ব্যবসা) নয়, এটা সব ধরনের ব্যবসা-বিনিয়োগকে ক্ষতিগ্রস্ত করবে। অবশ্যই এর শুধু বাজে ফল হবে।

মার্কিন সিনেটে তোলা অবরোধ বিলে যারা সমর্থন দিয়েছেন তাদের মধ্যে প্রভাবশালী রিপাবলিকান সিনেটর জন ম্যাকেইন ও ডেমোক্রেট সিনেটর বেন কারডিন রয়েছেন। এদিকে প্রতিনিধি পরিষদেও একটি সম্পূরক প্রস্তাব আনা হয়েছে। রোহিঙ্গা সংকটের প্রেক্ষিতে মার্কিন কংগ্রেসের সদস্যরা জোরালো পদক্ষেপের দাবি তুলছেন এবং ট্রাম্প প্রশাসন মিয়ানমারের সামরিক বাহিনীর কর্মকাণ্ডকে ‘জাতি নির্মূল অভিযান’ বলতে চাইছে। যদিও মিয়ানমার বরাবরই এই অভিযোগ অস্বীকার করে আসছে।

জ হতয় বলেন, নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে নিপীড়নের অভিযোগে দৃষ্টি না দিয়ে রাখাইনের বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের ইতিবাচকভাবে সহযোগিতা করা উচিত। তবে মানবাধিকার লঙ্ঘনের ব্যাপারটি আমরা এড়িয়ে যাচ্ছি না। এগুলো শুধুই অভিযোগ। কূটনৈতিক মহল ও আন্তর্জাতিক সংস্থাগুলো প্রমাণ ছাড়াই অভিযোগ তুলছে। আমরা চাওয়ার পরও কেউ অভিযোগের স্বপক্ষে জোরালো প্রমাণ দিতে পারেনি। বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের দাবির ভিত্তিতেও মিয়ানমার এখনো কোনো পদক্ষেপ নিতে পারেনি। তবে তাদের অভিযোগ সত্য হলে আমরা ব্যবস্থা নেব।