কাক সন্ধান দিলো লাশের; ধর্ষণ ও হত্যার অভিযোগে আটক ২

118

ঢাকা সংবাদদাতা: শেরপুরের নালিতাবাড়ীর একটি সমতল বনভূমির জঙ্গল থেকে কাকের ডাকে শনাক্তের পর মাটি খুঁড়ে নাছিমা বেগম নামের এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্তরা চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন।

হত্যাকাণ্ডের ৫ দিন পর মর‌দেহ উদ্ধার এবং মরদেহ উদ্ধারের ১১ দিন পর চাঞ্চল্যকর তথ্যের পাশাপাশি গ্রেপ্তার করা হয়েছে দুই আসামিকে।

গত (৪ সেপ্টেম্বর) বিকেলে ঢাকার বংশাল এলাকা থেকে নজরুলকে গ্রেপ্তার করে পুলিশ। পরে উভয়ের জবানবন্দি গ্রহণকালে তারা দোষ স্বীকার করায় মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) তাদের আদালতে সোপর্দ করা হয়।

পুলিশ জানায়, শনিবার (২০ আগস্ট) বিকেলে পূর্ব মানিককুড়া গ্রামের নিজ বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন গ্রাম পুলিশ আমির আলীর স্ত্রী ও ৫ সন্তানের জননী নাছিমা বেগম (৩৫)।

এরপর মঙ্গলবার (২৩ আগস্ট) নাছিমার স্বামী নালিতাবাড়ী থানায় নিখোঁজের সাধারণ ডায়েরি করেন।

বৃহস্পতিবার (২৫ আগস্ট) সকাল দশটার দিকে নাছিমার মাসহ স্বজনরা বাড়ি থেকে আধা কিলোমিটার দূরে থাকা বিশিগিরিপাড়া গ্রামে বন বিভাগের সমতল বনভূমির জঙ্গলে নাছিমার সন্ধান করছিলেন।

এসময় একদল কাক জঙ্গলে ডাকাডাকি করায় নাছিমার মা ঝোপের মাঝে গিয়ে গন্ধ ও মাছির উপস্থিতি টের পান। পরে আরো সামনে এগুলে মাটিতে পুঁতে রাখা লাশের দেহাবশেষ বেরিয়ে থাকায় হাতের চুরি ও ওড়না দেখে মেয়ের মরদেহ শনাক্ত করেন তিনি।

খবর পেয়ে থানা পুলিশ, সিআইডি, সিআইডির ক্রাইমসিন ইউনিট ও র‌্যাব সদস্যরা গিয়ে প্রাথমিক তদন্ত ও লাশ উদ্ধার করে।

এদিকে, সন্দেহভাজন হিসেবে একই সময়ে হেলিম মিয়া ওরফে ইলিমকে (৪০) আটক করে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। তবে সন্দেহভাজন অপর অপরাধী নজরুল ইসলাম (৩০) ততক্ষণে পালিয়ে যায়।