একযোগে দুদকের আরও ১২ অফিস উদ্বোধন; সাতাশ জেলা মনিটর করা হবে

312

ঢাকা সংবাদদাতা: দুর্নীতি দমন কমিশনের (দুদক) কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে দেশের ১২ জেলায় নতুন কার্যালয় উদ্বোধন করলো দুদক।

রোববার (৩ জুলাই) এসব নতুন কার্যালয় উদ্বোধন করা হয়। দুদক চেয়ারম্যান, কমিশনারগণ এবং সংস্থাটির সচিব এইসব কার্যালয় উদ্বোধন করেন। অনুষ্ঠানে কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ ও জেলা পর্যায়ের ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর ফলে দেশের ৩৬ জেলায় পৌঁছে গেলো দুদকের কার্যক্রম। চলমান ২৪টি সমন্বিত জেলা কার্যালয়ের সঙ্গে নতুন করে যুক্ত হলো নতুন এই ১২টি সমন্বিত জেলা কার্যালয়।

দুদকের কার্যালয় চালু হওয়া ১২টি অফিস হচ্ছে নারায়ণগঞ্জ (নারায়ণগঞ্জ ও মুন্সীগঞ্জ), গাজীপুর (গাজীপুর ও নরসিংদী), গোপালগঞ্জ, কিশোরগঞ্জ, জামালপুর (জামালপুর ও শেরপুর), নওগাঁ (নওগাঁ ও জয়পুরহাট), কুড়িগ্রাম (কুড়িগ্রাম ও লালমনিরহাট), চাঁদপুর (চাঁদপুর ও লক্ষ্মীপুর), বাগেরহাট (বাগেরহাট ও সাতক্ষীরা), ঝিনাইদহ (ঝিনাইদহ, মাগুরা ও চুয়াডাঙ্গা), ঠাকুরগাঁ(ঠাকুরগাঁ ও পঞ্চগড়) ও পিরোজপুর (পিরোজপুর ও ঝালকাঠি) সমন্বিত জেলা কার্যালয়।

উল্লেখ্য, এছাড়াও চলতি বছরে আরও দুটি সমন্বিত জেলা কার্যালয় চালু করা হয়। বছরের প্রথম দিন থেকে কক্সবাজারে (কক্সবাজার ও বান্দরবন জেলা) ও ৩০ মার্চ থেকে মাদারীপুরে (মাদারীপুর ও শরীয়তপুর) চালু হয়েছে দুদকের নতুন দুটি কার্যালয়।