পাকিস্তানের বৃহৎ শিল্প ও ধনীদের ওপর ‘সুপার ট্যাক্স’ আরোপিত

106

আন্তর্জাতিক ডেস্ক: বাজেট ঘাটতি কমিয়ে আনতে বৃহৎ শিল্প এবং যাদের আয় বেশি, তাদের ওপর ‘সুপার ট্যাক্স’ আরোপ করার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান সরকার। বৃহৎ শিল্পগুলোর ওপর ১০ শতাংশ সুপার ট্যাক্স আরোপ করা হয়েছে। আর যাদের বার্ষিক আয় ১৫ কোটি রুপির বেশি, তাদের এক থেকে চার শতাংশ পর্যন্ত অতিরিক্ত কর দিতে হবে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ডন।

শুক্রবার (২৪ জুন) জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ বৃহৎ শিল্পগুলোর ওপর ১০ শতাংশ সুপার ট্যাক্স আরোপের ঘোষণা দেন। তিনি বলেন, ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতির মধ্যে দেশের দরিদ্রদের সহায়তার জন্য রাজস্ব বাড়াতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ডন জানায়, বৃহৎ শিল্পগুলো বিবেচনায় সিমেন্ট, ইস্পাত, চিনি, তেল-গ্যাস, সার, তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) টার্মিনাল, পোশাক, ব্যাংক, গাড়ি, সিগারেট, কোমল পানীয়, রাসায়নিক ও উড়োজাহাজ ১০ শতাংশ ‘সুপার ট্যাক্সের’ আওতায় আসছে।

ধনীদের ওপর আরোপ করা করকে ‘দারিদ্র্য বিমোচন কর’ বলা হচ্ছে। বার্ষিক আয় ১৫ কোটি রুপির বেশি হলে ১ শতাংশ, ২০ কোটির বেশি হলে ২ শতাংশ, ২৫ কোটির বেশি হলে ৩ শতাংশ ও ৩০ কোটির বেশি হলে ৪ শতাংশ অতিরিক্ত কর দিতে হবে। টুইটে অর্থমন্ত্রী মিফতাহ ইসমাইল বলেন, সব খাতে ৪ শতাংশ সুপার ট্যাক্স প্রযোজ্য হবে।

তবে বিশেষ ১৩টি খাতে আরও ৬ শতাংশ করারোপ করা হয়েছে, যা সব মিলিয়ে ১০ শতাংশ হবে। ফলে তাদের কর ২৯ শতাংশ থেকে ৩৯ শতাংশে গিয়ে দাঁড়াবে।