পিএমডিএ ভেঙ্গে দেয়ার ঘোষণা পাকিস্তানের নতুন তথ্যমন্ত্রীর

103

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তান মিডিয়া ডেভেলপমেন্ট অথোরিটি বা পিএমডিএ ভেঙ্গে দেয়ার (ডিসব্যান্ড) ঘোষণা দিয়েছেন নতুন তথ্যমন্ত্রী মরিয়ম আওরঙ্গজেব। ইমরান খানের পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ দল যখন ক্ষমতায় ছিল তখন এই প্রতিষ্ঠানটি তৈরি করা হয়েছিল। এর উদ্দেশ্য ছিল প্রিন্ট, টেলিভিশন, রেডিও, চলচিত্র এবং বিজ্ঞাপনসহ পাকিস্তানের সব ধরনের মিডিয়াকে নিয়ন্ত্রণ করা। পিএমডিএ নিয়ে পাকিস্তানে ব্যাপক বিতর্কের সৃষ্টি হয়েছিল। তবে এবার শেহবাজ শরীফের নতুন মন্ত্রিসভা ঘোষণার পরই এটি ভেঙ্গে দেয়ার ঘোষণা দিয়েছেন তথ্যমন্ত্রী মরিয়ম আওরঙ্গজেব। এ খবর দিয়েছে জিও টিভি।

তথ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের কয়েক ঘণ্টা পরই সাংবাদিকদের মুখোমুখি হন মরিয়ম। তিনি বলেন, পাকিস্তানের গণমাধ্যমের কণ্ঠরোধ করতে সাবেক সরকার এই প্রচেষ্টা চালু করেছিল। কিন্তু এখন আমরা পিএমডিএ ভেঙ্গে দেয়ার ঘোষণা দিচ্ছি।
তিনি পিএমডিএ’কে ‘কালো আইন’ বলে আখ্যায়িত করেন। বলেন, নতুন সরকার পাকিস্তানে মত প্রকাশের স্বাধীনতার বিরুদ্ধে কোনো ধরণের আঘাত মেনে নেবে না।
মরিয়ম আরও বলেন, ইসলামাবাদ হাই কোর্ট পাকিস্তান ইলেক্ট্রনিক ক্রাইমস অ্যাক্টকে (পিইসিএ) অসাংবিধানিক ঘোষণা করেছে। এর পেছনে সাংবাদিকদের এবং পিএমএল-এন দলের অনেক চেষ্টা রয়েছে। এখন আমরা সকল অংশীদারদের সঙ্গে বসব এবং এই আইনটি পর্যালোচনা করবো। আমরা এই আইনের ফাঁকগুলো খুঁজে বের করবো এবং গণমাধ্যমের কণ্ঠরোধ ঠেকাবো। গত চার বছর ধরে পাকিস্তানিরা দমবন্ধ অবস্থায় ছিলেন। কিন্তু এখন আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে।