জার্মানিতে ফের ছুরি হামলা, আহত ৪

575

আন্তর্জাতিক ডেস্ক: জার্মানির মিউনিখে অজ্ঞাত ব্যক্তির ছুরিকাঘাতে বেশ কয়েকজন আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। জার্মানির পুলিশ জানিয়েছে, ওই হামলাকারী কমপক্ষে চারজনকে আহত করেছে। হামলার পর পুলিশ মানুষজনকে সিটি সেন্টারের রোসেনহেইমার প্ল্যাটজ থেকে দূরে থাকার আহ্বান জানিয়েছে। খবর আল-জাজিরার।

পুলিশ বলছে, আহতরা সামান্য জখম হয়েছে তবে হামলাকারী এখনো পলাতক রয়েছে। হামলাকারীকে ধরতে পুরো শহরজুড়ে অভিযান চালিয়ে যাচ্ছে সেখানকার পুলিশ।

হামলাকারীর বয়স ৪০ বছর এবং সে একাই এই হামলা চালিয়েছে বলে ধারণা করা হচ্ছে। পুলিশ জানিয়েছে, হামলার উদ্দেশ্য এখনো স্পষ্ট নয়। পুলিশ হামলাকারীর তথ্য চেয়ে এবং বাসিন্দাদের বাড়িতে থাকার আহ্বান জানিয়ে টুইট করেছে।

সম্প্রতি ইউরোপের বিভিন্ন দেশে হামলার ঘটনা বেড়ে গেছে। এসব ঘটনায় হামলাকারী প্রচলিত অস্ত্র সরঞ্জামের পাশাপাশি পথচারীদের ওপর গাড়ি তুলে দিয়ে কিংবা ছুরিকাঘাত করে হামলা চালাচ্ছে। গেলো জুলাইয়ে উত্তর জার্মানির হামবুর্গে একটি সুপার মার্কেটে ছুরি হামলায় একজন নিহত এবং ৬ জন আহত হয়। এর আগে গত বছর মিউনিখ শহরের একটি শপিংসেন্টারে অস্ত্রধারীর গুলিতে নয় জন নিহত হয়। আবার যুক্তরাজ্য, ফ্রান্স ও ফিনল্যান্ডেও এ বছরই ছুরি দিয়ে হামলার ঘটনা ঘটেছে। এসব ঘটনায় কয়েকজন নিহতও হয়েছে।