বাংলাদেশসহ ১৫৩ দেশ ও অঞ্চলের যাত্রীর ট্রানজিট সুবিধা বাতিল করলো হংকং

114

আন্তর্জাতিক ডেস্ক: করোনা সংক্রমণ রোধে বাংলাদেশসহ ১৫৩টি দেশ ও অঞ্চলের যাত্রীদের জন্য ট্রানজিট সুবিধা বাতিল করেছে হংকং। একমাস এই নিষেধাজ্ঞা বহাল থাকবে। ফরাসি বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে শুক্রবার এ তথ্য জানানো হয়েছে। এএফপির রিপোর্ট মতে, গত বছরের শেষ হতে এখন পর্যন্ত দ্রুত সংক্রমণশীল ওমিক্রন ভ্যারিয়েন্টে ৫০ জন আক্রান্তের পর এই সিদ্ধান্তের কথা জানালো হংকং। ১৪ই জানুয়ারি হংকং বিমানবন্দর কর্তৃপক্ষের তরফে এক বিবৃতিতে বলা হয়, তালিকায় থাকা ১৫৩টি দেশের ট্রানজিট ফ্লাইট হংকংয়ে অবতরণ করতে পারবে না।

ওই তালিকায় বাংলাদেশ ছাড়াও ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা ও মালদ্বীপ রয়েছে। হংকং বিমানবন্দর কর্তৃপক্ষের বিবৃতিতে বলা হয়, গত ২১ দিনে যারা দুই ঘণ্টার ওপরে এ রাষ্ট্রগুলোতে অবস্থান করেছেন, তারা কোনো যাত্রীবাহী ফ্লাইটে হংকংয়ে প্রবেশও করতে পারবেন না। ১৬ই জানুয়ারি থেকে ওই বিধি নিষেধ কার্যকর হবে, যা ১৫ই ফেব্রুয়ারি পর্যন্ত বহাল থাকবে।

উল্লেখ্য, দক্ষিণ-পূর্ব এশিয়ার ওই স্বায়ত্তশাসিত অঞ্চল ইতোমধ্যে অস্ট্রেলিয়া, কানাডা, ফ্রান্স, ভারত, পাকিস্তান, ফিলিপাইন, যুক্তরাজ্য এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে ফ্লাইট স্থগিত করেছে।