শ্রীলংকার ফ্র্যাঞ্চাইজি লংকান প্রিমিয়ার লিগে পাঁচ বাংলাদেশি

485
শ্রীলংকার ফ্র্যাঞ্চাইজি লংকান প্রিমিয়ার লিগে পাঁচ বাংলাদেশি

খেলাধুলা ডেস্ক :: শ্রীলংকার ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্ট লংকান প্রিমিয়ার লিগে (এলপিএল) দল পেয়েছেন বাংলাদেশি ব্যাটার মোহাম্মদ মিঠুন। তিনিসহ মোট পাঁচ বাংলাদেশি ক্রিকেটার খেলবেন এবারের এলপিএলে।

এলপিএলের আগামী আসরের প্লেয়ার্স ড্রাফটে বাংলাদেশ থেকে আরো দল পেয়েছেন তিন পেসার তাসকিন আহমেদ, আল-আমিন হোসেন ও মেহেদী হাসান রানা। দল পেয়েছেন স্পিনার নাজমুল ইসলাম অপুও। এর মধ্যে মিঠুন, অপু ও রানাকে দলে ভিড়িয়েছে ক্যান্ডি ওয়ারিয়র্স। তাসকিন ও আল-আমিন খেলবেন কলম্বো স্টার্সের হয়ে।

বিদেশি গোল্ড-বি ক্যাটাগরি থেকে তাসকিন এবং আল-আমিনকে দলে নিয়েছে কলম্বো। ওদিকে, মিঠুনকে বিদেশি গোল্ড-এ ক্যাটাগরি থেকে কিনেছে ক্যান্ডি। অপু এবং রানা ছিলেন বিদেশি গোল্ড-বি ক্যাটাগরিতে।

শ্রীলংকার ফ্র্যাঞ্চাইজিভিত্তিক এই টি-২০ টুর্নামেন্টের দ্বিতীয় আসরের পর্দা উঠবে আগামী ৫ ডিসেম্বর। চলবে ২৩ ডিসেম্বর পর্যন্ত। এবার পাঁচটি দলের বিদেশি আইকন ক্রিকেটারের ভূমিকায় আছেন ক্রিস গেইল, ফ্যাফ ডু প্লেসি, মোহাম্মদ হাফিজ, রভম্যান পাওয়েল ও ইমরান তাহির।

এদের মধ্যে গেইল কলম্বো স্টার্স, ডু প্লেসি জাফনা কিংস, হাফিজ গল গ্ল্যাডিয়েটর্স, পাওয়েল ক্যান্ডি ওয়ারিয়র্স এবং তাহির ডাম্বুলা জায়ান্টসে খেলবেন। স্থানীয় ক্রিকেটারদের মধ্যে থিসারা পেরেরা জাফনা কিংস, ইসুরু উদানা গল গ্ল্যাডিয়েটর্স, দাসুন শানাকা ডাম্বুলা জায়ান্টস, দুশমন্থ চামিরা কলম্বো স্টার্স এবং চারিথ আসালাঙ্কা ক্যান্ডি ওয়ারিয়র্সের আইকন ক্রিকেটারের ভূমিকায় রয়েছেন।

ওয়ান বাংলা নিউজ / ১০ নভেম্বর ২০২১ / সুমন আহমদ