ড্যানিয়েল পার্লের শিরশ্ছেদকারী পাকিস্তানির মুক্তি নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগ

272

আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন সাংবাদিক ড্যানিয়েল পার্লকে অপহরণের পর শিরশ্ছেদের দায়ে অভিযুক্তদের পাকিস্তান জেল থেকে মুক্তি দেয়া নিয়ে শুক্রবার গভীর উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র।

সিন্ধুর হাইকোর্ট চার অভিযুক্তকে মুক্তির রায় ঘোষণা করেন। এই খবরে ক্রিসমাসের ছুটির মধ্যেই মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় এ ঘটনায় উদ্বেগ জানিয়ে এক বিবৃতি প্রকাশ করেছে। খবর দ্য ডনের।

বড়দিনের ছুটির মধ্যে এভাবে বিবৃতি দেয়া একটি বিরল ঘটনা বলছেন অনেকেই। বিবৃতিতে বলা হয়, সিন্ধু হাইকোর্ট যে রায় দিয়েছেন, তাতে আমরা চিন্তিত। ওই রায় মোতাবেক ড্যানিয়েল পার্লের হত্যার সঙ্গে যুক্ত একাধিক জঙ্গি মুক্তি পেয়ে যাবে। আমাদের বলা হয়েছিল– অভিযুক্তদের এখনই ছেড়ে দেয়া হবে না।

এতে আরও বলা হয়, আমরা জানি ওই মামলা তদন্তাধীন। আমরা তার খবরাখবরও রাখছি। এই কঠিন সময়ে আমরা পার্লের পরিবারের পাশে দাঁড়াচ্ছি। ড্যানিয়েলের মতো সৎ সাংবাদিকদের আমরা শ্রদ্ধা করি।

বৃহস্পতিবারই সিন্ধু হাইকোর্ট রায় দিয়েছেন, আহমেদ ওমর শেখ এবং তার তিন সহযোগীকে মুক্তি দেয়া হবে। আদালত বলেছেন, ড্যানিয়েল পার্লকে হত্যার অভিযোগের কোনো প্রমাণ এই চারজনের বিরুদ্ধে পাওয়া যায়নি।

৩৮ বছর বয়সী ড্যানিয়েল পার্লকে ২০০২ সালের জানুয়ারিতে করাচিতে থেকে অপহরণ করে খুন করা হয়, তখন তিনি দ্য ওয়াল স্ট্রিট জার্নালের দক্ষিণ এশিয়ার ব্যুরো চিফ ছিলেন।

তিনি ওই সংবাদপত্রের দিল্লি অফিসের দায়িত্বে ছিলেন। ২০০১ সালের সেপ্টেম্বর মাসে দিল্লি থেকে করাচি গিয়েছিলেন পার্ল।

সেই সময় তিনি পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআইয়ের সঙ্গে আল কায়েদার সম্পর্ক নিয়ে ধারাবাহিক প্রতিবেদন লেখার রসদ জোগাড় করছিলেন। পার্লের গলাকাটা দেহের ছবি ভাইরাল হয়ে গিয়েছিল।