হাজারীবাগে বাসায় গৃহবধূর লাশ, ৩ সন্তান নিয়ে পলাতক স্বামী

338

ঢাকা সংবাদদাতা: রাজধানীর হাজারীবাগ বউবাজার এলাকার একটি বাসা থেকে সীমা খাতুন (৩০) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার সন্ধ্যার পর লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ঘটনার পর থেকে নিহতের স্বামী তিন সন্তান নিয়ে পালিয়ে গেছেন বলে জানিয়েছে পুলিশ।

হাজারীবাগ থানার পরিদর্শক (তদন্ত) মাসুদুর রহমান বলেন, খবর পেয়ে রাতেই লাশ উদ্ধার করে ঢামেক মর্গে পাঠানো হয়েছে। নিহত গৃহবধূর মুখে লালা ও কালো দাগ রয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে।

স্থানীয়দের বরাতে তিনি বলেন, নিহতের ছোট ছোট তিনটি বাচ্চা রয়েছে। ঘটনার পর থেকে তিন সন্তান নিয়ে স্বামী পালিয়ে গেছে। আমরা তাকে গ্রেফতারের চেষ্টা করছি।