ঢাকা সংবাদদাতা: নরসিংদী জেলা কোভিড হাসপাতালে করোনার নমুনা দিতে গিয়ে টুটুল মিয়া (২৪) নামে রায়পুরার এক যুবকের মৃত্যু হয়েছে।
বুধবার দুপুরে এ ঘটনা ঘটে। নরসিংদী জেলা কোভিড হাসপাতলের আবাসিক মেডিকেল অফিসার ডা. মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহত টুটুল মিয়া রায়পুরা উপজেলার ভিটি মরজাল এলাকার শাজাহান মিয়ার ছেলে।
জেলা কোভিড হাসপাতল সূত্রে জানা যায়, নিহত টুটুলের গত ৪ থেকে ৫ দিন ধরে জ্বর, ঠান্ডা ও শ্বাসকষ্ট ছিলো। তিনি বাড়িতে চিকিৎসা নেয়ার পরও তার স্বাস্থের উন্নতি না হওয়ায় এবং এগুলো করোনার উপসর্গ হওয়ায় করোনা টেষ্টের সিদ্ধান্ত নেন। বুধবার সকালে মাকে নিয়ে হাসপাতালে করোনার নমুনা দিতে আসেন। হাসপাতালে আসার পর টুটুলের শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় তার মা কত্যর্বরত টেকনোলজিস্টদের আগে নমুনা নেয়ার অনুরোধ করেন। পরে টেকনোলজিস্টরা অবস্থা খারাপ দেখে দ্রুত হাসপাতালে ভর্তি করেন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
নরসিংদী জেলা কোভিড হাসপাতলে আবাসিক মেডিকেল অফিসার ডা. মিজানুর রহমান বলেন, টুটুলের নমুনা দিতে আসার পর শ্বাসকষ্ট বেড়ে গেলে আমরা তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করি। পরে অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাকে ঢাকায় নিয়ে যাওয়ার পরামর্শ দেয়া হয়। কিন্তু ঢাকা নেয়ার আগেই চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মৃত্যুবরণ করেন। নিহতের নমুনা সংগ্রহ করা হয়েছে। আর করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়ায় উপজেলা কুইক রেসপন্স টিমের মাধ্যমে জানাজা শেষে দাফন করা হবে।
রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শফিকুল ইসলাম বলেন, করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়া যুবকের লাশ নিতে তার পরিবার অস্বাকৃতি জানিয়েছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মৃতের লাশ দাফনের ব্যবস্থা করা হবে। এ ঘটনায় তার পরিবারে বাকি সদস্যদের নমুনা সংগ্রহ ও বাড়িটি লকডাউন করা হবে বলে জানান তিনি।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, টুটুল ওই ইউনিয়নের ভিটিমরজাল গ্রামের মো. শাহাজান মিয়ার ছেলে। তিনি এবছর বাংলাদেশ ইন্সটিটিউট অব টেকনোলজি থেকে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং পাশ করেছেন।















