রাশিয়ায়ও হু হু করে বাড়ছে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা

478

আন্তর্জাতিক ডেস্ক: গত সপ্তাহ দুয়েক ধরেই রাশিয়ায় হু হু করে বাড়ছে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা। রোববার গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন রোগী শনাক্ত হয়েছেন ২ হাজার ৫৫৮ জন। এটা রাশিয়ায় একদিনে সর্বোচ্চ করোনায় আক্রান্তের রেকর্ড।

এর আগে গত শনিবার দেশটিতে নতুন রোগী শনাক্ত হয়েছিলেন ২ হাজার ১৮৬ জন। সেদিন পর্যন্ত ওটাই ছিল সর্বোচ্চ রেকর্ড। তবে মাত্র একদিন পরে সেই সংখ্যাকেও ছাড়িয়ে গেছে করোনা আক্রান্তের সংখ্যা।

রাশিয়ার করোনাভাইরাস ক্রাইসিস রেসপন্স সেন্টার জানিয়েছে, রোববার মারা গেছেন আরও ১৮ জন। এ নিয়ে সেখানে করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৪৮ জন।

করোনার বিস্তার প্রতিরোধে মানুষের চলাচল নিয়ন্ত্রণে ‘ডিজিটাল পারমিট সিস্টেম’ চালু করছে মস্কো কর্তৃপক্ষ। গণপরিবহন বা ব্যক্তিগত গাড়িতে চলাচল করতে চাইলে অনলাইনে আগেই অনুমতি নিতে হবে জনগণকে।

ইতোমধ্যেই এ সংক্রান্ত ওয়েবসাইটের কাজ শুরু হয়েছে। আগামী বুধবার থেকেই চালু হচ্ছে এ ব্যবস্থা। পরবর্তীতে,ঘর থেকে বের হতে চাইলেও অনলাইনে অনুমতি গ্রহণের ব্যবস্থা চালু হতে পারে বলে জানা গেছে।

এদিকে, করোনা আক্রান্তের সংখ্যা দ্রুত বাড়তে থাকায় রাজধানী মস্কোতে বৃহত্তম হাসপাতাল তৈরির ঘোষণা দিয়েছে রুশ সরকার। করোনা সংকট মোকাবেলায় দেশটিতে তৈরি নতুন ১৮টি হাসপাতালের মধ্যেই এটাই সবচেয়ে বড়। আর এই একটি বাদে দেশের সবগুলোই করোনা হাসপাতালই তৈরি করছে রুশ সেনাবাহিনী।

হাসপাতালটির নির্মাণ কাজ দ্রুততম সময়ে শেষ করতে দিনরাত কাজ করে যাচ্ছেন কমপক্ষে ১০ হাজার শ্রমিক। এতে ব্যয় করা হচ্ছে ৯২ মিলিয়ন পাউন্ড (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৯৭০ কোটি টাকা)। জানা গেছে, মস্কোর সুবিশাল এ হাসপাতালের প্রায় অর্ধেক শয্যাই হবে আইসিইউ।