পদত্যাগের ঘোষণা ইতালির প্রধানমন্ত্রীর, স্বরাষ্ট্রমন্ত্রীকে দোষারোপ

3819

আন্তর্জাতিক ডেস্ক: পদত্যাগ করবেন ইতালির প্রধানমন্ত্রী গুইসেপ্পে কন্তে। তার নেতৃত্বাধীন জোট সরকারের অংশীদার ও স্বরাষ্ট্রমন্ত্রী মাত্তেও সালভিনির সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে পড়ার পর এমন ঘোষণা দিয়েছেন তিনি। সালভিনির বিরুদ্ধে দায়িত্বহীনতা এবং ব্যক্তিগত ও নিজ দলীয় স্বার্থের জন্য রাজনৈতিক সংকট তৈরি করার অভিযোগ এনেছেন তিনি। প্রসঙ্গত, কন্তের বিরুদ্ধে পার্লামেন্টে অনাস্থা ভোটের প্রস্তাব দিয়েছে সালভিনি। এ খবর দিয়েছে বিবিসি।

খবরে বলা হয়, কন্তে নেতৃত্বাধীন ফাইভ স্টার মুভমেন্ট ও সালভিনি নেতৃত্বাধীন জাতীয়তাবাদী লিগ পার্টির জোট সরকারে ভাঙনের সৃষ্টি হয়েছে। একে অপরের সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে পড়েছেন কন্তে ও সালভিনি। সরকার গঠনের মাত্র ১৪ মাসের মাথায় এমন রাজনৈতিক টানাপোড়নে পড়েছে ইতালির জোট সরকার। সালভিনি জানিয়েছেন, তার পক্ষে ফাইভ স্টার মুভমেন্টের সঙ্গে আর কাজ করা সম্ভব নয়।