কোয়ারেন্টাইন না মানায় স্বামী-স্ত্রীর দণ্ড

281

ঢাকা সংবাদদাতা: বরিশালের আগৈলঝাড়া উপজেলায় করোনাভাইরাস প্রতিরোধে হোম কোয়ারেন্টাইনে না থাকায় ব্রুনাই থেকে আসা খলিল হাওলাদার (৫৫) এবং তার স্ত্রী মনোয়ারা বেগমকে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক চৌধুরী রওশন ইসলাম প্রবাসফেরত খলিল হাওলাদারের বাড়িতে যান।

এ সময় ৫ হাজার টাকা জরিমানা এবং বিদেশ ফেরত স্বামীকে আলাদাভাবে কোয়ারেন্টাইনে না রাখার অপরাধে একই ধারায় খলিল হাওলাদারের স্ত্রী মনোয়ারা বেগমকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়।

উপজেলার রত্নপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মোস্তফা সরদার বলেন, রত্নপুর ইউনিয়নের চাউকাঠি গ্রামের খলিল হাওলাদার গত ১৩ মার্চ দেশে ফেরেন। বিদেশ থেকে দেশে ফিরে ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশনা থাকলেও খলিল তা অমান্য করে উন্মুক্ত হাট-বাজারে ঘোরাফেরা করছিলেন। পরে স্থানীয়রা বিষয়টি প্রশাসনকে অবহিত করেন।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক ইউএনও চৌধুরী রওশন ইসলাম বলেন, এ অভিযান অব্যাহত থাকবে। যারা বিদেশ থেকে দেশে ফিরেছেন, তাদের কমপক্ষে ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে থাকতে হবে। এর ব্যত্যয় ঘটলে আইন প্রয়োগ করা হবে।

কোন গুজবে কান না দিয়ে বিদেশ থেকে আগত লোকজনকে প্রকাশ্যে দেখা গেলে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও আইন প্রয়োগকারী সংস্থাকে খবর দেয়ার আহ্বান জানান তিনি।