বিনোদন ডেস্ক: ভারতের টেলিভিশন জগতের জনপ্রিয় অভিনেত্রী সেজল শর্মা আত্মহত্যা করেছেন। শুক্রবার মুম্বাইয়ের মীরা রোডে তার বাসভবনে মৃত অবস্থায় পাওয়া যায় সেজল শর্মাকে। ঘটনাস্থল থেকে একটি সুইসাইড নোট উদ্ধার করেছে পুলিশ।
জানা গেছে, বৃহস্পতিবার রাতে কয়েকজন বন্ধুর সঙ্গে ফোনে অনেকক্ষণ কথা হয় অভিনেত্রীর। শুক্রবার আত্মহত্যা করেন তিনি। এই দু’টি ঘটনার মধ্যে কোনও যোগসূত্র রয়েছে কিনা, তা তদন্ত করছে পুলিশ।
ভারতীয় গণমাধ্যমের খবর, সেজল শর্মা জনপ্রিয়তা পেয়েছিলেন ‘দিল তো পাগল হ্যায় জি’ সিরিয়ালে অভিনয় করে। ২০১৭ সালে রাজস্থান থেকে মুম্বাই আসেন তিনি। টেলিভিশনে অভিনয় শুরু করার আগে বেশ কিছু বিজ্ঞাপনেও কাজ করেছিলেন।
নায়ক আমির খানের সঙ্গেও একটি বিজ্ঞাপনে কাজ করেছেন তিনি। এছাড়া ‘আজাদ পারিন্দে’ নামে একটি ওয়েব সিরিজেও অভিনয় করেন তিনি।













