ঢাকা সংবাদদাতা: ছাত্র-জনতার ঐক্যের মধ্য দিয়ে খালেদা জিয়া ও গণতন্ত্রকে মুক্ত করা সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, জাতীয়তাবাদী ছাত্রদলের নেতৃত্বে দেশে গণঅভ্যুত্থান সৃষ্টি হবে। সেই অভ্যুত্থানে সরকারের পতন হবে।
ছাত্রদলের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার সকালে রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানানো শেষে তিনি এসব কথা বলেন।
বিএনপি মহাসচিব বলেন, আজকে তিনবারের প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে সম্পূর্ণ অন্যায়ভাবে কারাগারে আটকে রাখা হয়েছে এবং তাকে ন্যূনতম আইনগত সুযোগ দেয়া হচ্ছে না। তাকে মুক্ত করার জন্য এবং গণতন্ত্র রক্ষা করতে ছাত্রদল তাদের ভবিষ্যৎ কর্মপন্থা আরও বেগবান ও শক্তিশালী করবে। পাশাপাশি তীব্র আন্দোলন গড়ে তুলবে ছাত্রদল। সেই আন্দোলনের মধ্য দিয়ে ছাত্র-জনতার যে ঐক্য সৃষ্টি হবে তা একদিকে খালেদা জিয়াকে মুক্ত করতে সক্ষম হবে, অন্যদিকে গণতন্ত্রকে মুক্ত করতে সক্ষম হবে। একই সঙ্গে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকেও দেশে ফিরিয়ে আনতে কাজ করবে।
নতুন বছরে গণতান্ত্রিক আন্দোলন জোরদার করা হবে জানিয়ে তিনি বলেন, বিগত বছরটি ছিল গণতন্ত্র হত্যার বছর। মানুষের অধিকারকে কেড়ে নেয়ার বছর এবং ফ্যাসিবাদের জয়ের বছর।
তিনি বলেন, এই বছরটা যারা গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন, তারা লাঞ্ছিত হয়েছেন। খালেদা জিয়ার সাজা বাড়ানো হয়েছে, হাজার হাজার নেতাকর্মীকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হয়েছে।
মির্জা ফখরুল বলেন, আমরা নতুন বছরে নতুন করে ভাবতে চাই। নতুন করে স্বপ্ন দেখতে চাই এবং নতুন করে স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য সংগঠনকে আমরা আরও বেগবান করতে চাই।
জাতীয়তাবাদী ছাত্রদল আরও সুসংগঠিত হবে এমন আশা ব্যক্ত করে তিনি বলেন, ছাত্রদল গণঅভ্যুত্থান সৃষ্টি করবে। সেই গণঅভ্যুত্থানে সরকারের পতন হবে।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানউল্লাহ আমান, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, হাবিব-উন নবী খান সোহেল, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, ছাত্রদল সভাপতি ফজলুর রহমান, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল, সিনিয়র সহসভাপতি রওনাকুল ইসলাম শ্রাবণ প্রমুখ।















