ভোট শুরুর আগেই কেন্দ্র দখলের চেষ্টা, গোলাগুলিতে আহত ৭

380

ঢাকা সংবাদদাতা: কুমিল্লার সদর দক্ষিণ উপজেলায় গলিয়ারা ইউপি নির্বাচনে ভোট শুরুর আগেই কেন্দ্র দখলের চেষ্টায় দুই ইউপি সদস্য প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ সময় গোলাগুলি, ভাঙচুর, ককলেট নিক্ষেপে উভয়পক্ষের সাতজন আহত হয়েছেন।

সোমবার সকালে ওই ইউপির যশপুর ও শুভপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে সদস্য প্রার্থী জিয়া উদ্দিন এবং মামুনুর রশিদের সমর্থকদের মধ্যে এ ঘটনা ঘটে।

এদিকে এ ঘটনায় আতঙ্কে ভোটাধিকার প্রয়োগ না করেই কেন্দ্র থেকে চলে যায় ভোটাররা।

ঘটনায় আহত আবুল বাশার অভিযোগ করে বলেন, সকালে ভোটাধিকার প্রয়োগের জন্য যশপুর কেন্দ্রে যাওয়ার পথে সদস্য প্রার্থী জিয়া উদ্দিনের সমর্থকরা মামুনুর রশিদের সমর্থকদের বাধা প্রদান করে এবং কেন্দ্র দখলের চেষ্টা চালায়। এ সময় মামুনুর রশিদের সমর্থকদের ওপর গুলি ও ককটেল নিক্ষেপ করা হয়। এতে পাঁচজন গুলিবিদ্ধসহ সাতজন আহত হয়েছেন।

এ ঘটনায় এক প্রার্থী অপর প্রার্থীর সমর্থকদের দায়ী করে বক্তব্য প্রদান করে।

তবে যশপুর কেন্দ্রের প্রিসাইজিং অফিসার বিজয় কুমার দাস বলেন, ভোটকেন্দ্রের মধ্যে কোনো সমস্যা হয়নি। বাহিরে হলে হতে পারে। ভেতরে খুব সুন্দরভাবে ভোট হচ্ছে।

শুভপুর কেন্দ্রের প্রিসাইজিং অফিসার বলেন, শান্তিপূর্ণভাবেই ভোটগ্রহণ হচ্ছে। আমরা যথাযথভাবে দায়িত্ব পালনের চেষ্টা করছি।

সদর দক্ষিণ উপজেলা নির্বাচন অফিসার নাছির উদ্দিন চৌধুরী বলেন, এখন পর্যন্ত কোথাও অনিয়মের অভিযোগ পাওয়া যায়নি। যদি কোনো অনিয়মের খবর পাই, সঙ্গে সঙ্গে ব্যবস্থা গ্রহণ করা হবে।