বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীরা পাচ্ছেন নামমাত্র সুদে গৃহঋণ

454

ঢাকা সংবাদদাতা: পাবলিক বিশ্ববিদ্যালয় ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) শিক্ষক-কর্মকর্তাদের জন্য সুখবর নিয়ে আসছে নতুন বছর। সরকারি কর্মকর্তাদের মতো তারাও মাত্র ৫ শতাংশ হারে সুদে গৃহনির্মাণ ঋণ পাচ্ছেন। ১ জানুয়ারি থেকেই এটি কার্যকর হবে। বৃহস্পতিবার এ সংক্রান্ত পরিপত্র জারি করেছে অর্থ মন্ত্রণালয়।

অর্থ সচিব আবদুর রউফ তালুকদার স্বাক্ষরিত পরিপত্রে বলা হয়, গৃহ নির্মাণ ঋণের সুদের হার হবে সর্বোচ্চ ৯ শতাংশ সরল সুদ। অর্থাৎ সুদের ওপর কোনো সুদ আদায় করা যাবে না। ঋণগ্রহীতা ব্যাংক রেটের সমহারে সুদ পরিশোধ করবে। সুদের অবশিষ্ট অর্থ সরকার ভর্তুকি হিসেবে প্রদান করবে। সরকার সময়ে সময়ে ৯ শতাংশ সুদহার পুনঃনির্ধারণ করতে পারবে। তবে পুনঃনির্ধারিত অনুরূপ সুদের হার কেবল নতুন ঋণগ্রহীতার ক্ষেত্রে প্রযোজ্য হবে। এই পরিপত্রের কারণে এখন শিক্ষক-কর্মচারীরা ঋণের ৯ শতাংশ সুদের ওপর ৪ শতাংশ বা এর কমবেশি ভর্তুকি পাচ্ছেন। সরকারি কর্মচারীদের মতো তাদেরও ঋণ দেয়া হবে ২০ থেকে ৭৫ লাখ টাকা পর্যন্ত। সর্বোচ্চ ২০ বছরের মধ্যে ঋণ পরিশোধ করতে হবে।

এ প্রসঙ্গে জানতে চাইলে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন ও ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক এএসএম মাকসুদ কামাল বলেন, বর্তমানে সুদের ব্যাংক রেট সাড়ে ৪ শতাংশ আছে। অবশ্য এই রেট ৫ বা সাড়ে ৫ শতাংশেও উন্নীত হয়েছে অতীতে। তবে ভবিষ্যতে এটি ৪ শতাংশে নামতে পারে। ব্যাংক রেট যেটা হবে, সেটাই শিক্ষকরা পরিশোধ করবেন। বাকি ৫ শতাংশ বা এর কমবেশি যেটা আসবে, সেটা সরকার ভর্তুকি হিসেবে দেবে।