সিলেট সংবাদদাতা: সিলেটে ছাত্রলীগের স্মরণ সভায় তিনজন গুলিবিদ্ধ হয়েছেন। ছাত্রলীগের এক নেতার স্মরণ সভা চলাকালে যুবলীগের দুই পক্ষ বাক-বিতণ্ডায় জড়িয়ে পড়ে। এরপরে যুবলীগ নেতাকর্মীদের ছোড়া গুলিতে ওই তিনজন আহত হয়।
আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ ও সিলেট মহানগর সভাপতি বদরউদ্দিন আহমদ কামরানের উপস্থিতিতে শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে দক্ষিণ সুরামার কুশিঘাটের একটি মাঠে সভায় এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
গুলিবিদ্ধ ছাত্রলীগ নেতা জাকির আহমদ খোকা, জামিল আহমদ, সুহেল আহমদকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মোগলাবাজার থানার ওসি খায়রুল ফজল বলেন, গত মার্চে শিববাড়ির আতিয়া মহলে আইনশৃঙ্খলা বাহিনীর জঙ্গিবিরোধী অভিযান চলাকালে পাশে বোমা বিস্ফোরণে নিহত ছাত্রলীগ নেতা জান্নাতুল ফাহিমের স্মরণে রাত সাড়ে ৭টার দিকে সভা শুরু হয়।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার জেদান আল মুসা জানান, যুবলীগের নিজেদের মধ্যে বিরোধ থেকে এই ঘটনা ঘটেছে বলে তিনি শুনেছেন।















